ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্তদের জামিন দেওয়ার ক্ষমতা আপিল আদালতের নেই বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো: রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্তদের জামিন দেওয়ার রায়ের বিরুদ্ধে সরকার ও দুদকের আপিল আবেদন মঞ্জুর করে এ রায় দেন।
তবে আদালত তার অভিমতে বলেছে, জরুরি ক্ষমতা আইনে দণ্ডপ্রাপ্তদের জামিন দেওয়ার ক্ষমতা আপিল আদালতের নেই। তবে অল্প দণ্ডেরক্ষেত্রে আসামী গুরুতর অসুস্থ হলে এবং এ বিষয়ে মেডিকেল বোর্ডের সনদ থাকলে সেক্ষেত্রে আপিল আদালত তার জামিন বিবেচনা করতে পারবে। এছাড়া ৯০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি না করতে পারলে আপিল আদালত দন্ডপ্রাপ্ত জামিন বিবেচনা করতে পারবে।
রায়ের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ রায়ের ফলে ব্যারিস্টার মীর হেলাল ও সিগমা হুদাকে জামিন দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বাতিল হয়ে গেল। রায়টিকে তিনি অত্যন্ত 'যুক্তিসঙ্গত ও ন্যয়সঙ্গত' বলেও অভিহিত করেন।
তিনি বলেন, জরুরি ক্ষমতা আইনে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল চলাকালীন আপিল আদালত জামিন দিতে পারবেনা। যেহেতু দুর্নীতি সম্পর্কিত মামলাগুলো জরুরি ক্ষমতা বিধিমালার আওতাভূক্ত সে কারণে বিশেষ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল আদালতে আপিল করলে আপিল আদালত জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩) বিধির বিধান অনুযায়ী আপিল কারীকে জামিনে মুক্তি দিতে পারবেনা।
কিন্তু হাইকোর্ট তার রায়ে বলেছিল জরুরি ক্ষমতা বিধিমালায় যা কিছুই থাকুক না কেন হাইকোর্ট তার জামিনের ক্ষমতাবলে জরুরি ক্ষমতা বিধিমালার আপিল নিষ্পত্তিকালীন সময়ে দন্ডপ্রাপ্তদের জামিন দিতে পারবে।
অ্যাডভোকেট আনিসুল হক আরো বলেন, সুপ্রিম কোর্ট তার দেওয়া রায়ে বলেছেন কোন দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি যদি গুরুতর অসুস্থ হয় এবং ৯০ দিনের মধ্যে তার আপিলের শুনানি শেষ না হয় তাহলে উপযুক্ত মেডিকেল বোর্ডের অভিমত গ্রহণ করে আপিল আদালত তাকে জামিনে মুক্তি দিতে পারবে। সুপ্রিম কোর্টর রায়ের ফলে হাইকোর্টের রায় বহাল থাকল না।
গত ১৩ ডিসেম্বর সিগমা হুদা ও মীর হেলালকে জামিন দিয়ে হাইকোর্ট তার রায়ে বলেছিল, দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জামিন দেওয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে। একই রায়ে সাজাপ্রাপ্ত সিগমা হুদা ও মীর হেলালকে শর্ত সাপেক্ষে জামিন দেয় হাইকোর্ট। শর্ত ছিল, তাদের জামিননামা দাখিলের সময় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাসপোর্ট জমা দিতে হবে।
জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩) বিধিতে বলা হয়েছে, দুর্নীতি সম্পর্কিত অপরাধের অভিযোগে দণ্ডাদেশপ্রাপ্ত কোনো ব্যক্তি এর বিরুদ্ধে আপিল করলে আপিল আদালত আপিল চলাকালীন ওই দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া কিংবা নিম্ন আদালতের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করতে পারবে না।
হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, সাংবিধানিক আদালত হিসাবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জামিন দেওয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে।
এই রায়ের বিরুদ্ধে ১৮ ডিসেম্বর সরকার ও দুদক আপিল আবেদন করেন।
গত ২৭ আগস্ট একটি দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে ৭ বছর ও তার স্ত্রী সিগমা হুদাকে ৩ বছর কারাদণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ আদালত।
অন্যদিকে সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ৪ জুলাই ঢাকার বিশেষ আদালত সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরকে ১৩ বছর ও তার ছেলে মীর হেলালকে ৩ বছর কারাদণ্ড দেয়। বিশেষ আদালতে ওই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা , সিগমা হুদা, মীর নাসির ও মীর হেলাল হাইকোর্টে আপিল দায়ের করেন। তাদের আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে।
সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আনিসুল হক। অন্যদিকে সিগমা হুদার পক্ষে শুনানিতে অংশ নেন মাহবুবুর রহমান এবং মীর হেলালের পক্ষে ছিলেন খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/আরএ/জিএনএ/১১৫৪ ঘ.
bdnews24