ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাড়ি চুরির অভিযোগে রাজধানীর পল্লবী থেকে মঙ্গলবার মশিউর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মশিউর পল্লবীর আরামবাগ এলাকার মিডটাউন শপিং মলের মালিক।
গোয়েন্দা পুলিশের মিডিয়া সেলের উপ কমিশনার হাসিবুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ মঙ্গলবার মিডটাউন শপিং মলের বেজমেন্ট থেকে দুটি চুরি যাওয়া প্রাইভেট কার উদ্ধার করে। ওইদিন সন্ধ্যায় পল্লবীর রূপনগর আবাসিক এলাকা থেকে মশিউরকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৪ অক্টোবর পুলিশ শামীম হোসেন, হারুন ও জাহাঙ্গীর রহমান নামে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। সে সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের মাওয়া ও খুলনা থেকে দুটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে ওই তিন জনের দেওয়া তথ্যের সূত্র ধরেই মশিউরের শপিং মলে অভিযান চালানো হয় বলে হাসিবুল আলম জানান।
তিনি আরো জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কিছু অসাধু কর্মকর্তার সয়হাতায় চুরি করা গাড়ির নকল রেজিস্ট্রেশন তৈরি করে মশিউর গাড়িগুলো বিক্রি করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এএল/জেকে/২৩২৩ ঘ.
bdnews24