সিলেট, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ডেপুটি হাই কমিশনার মুক্তা ডি তমার বলেছেন, শিগগিরই সিলেটে একটি ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার করা হবে।
বুধবার সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, "শুধু রাষ্ট্রীয় সীমারেখা আমাদের পৃথক করে রেখেছে। এছাড়া আমাদের মাঝে আর কোনো পর্দা নেই। বন্ধুপ্রতীম দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক অটুট আছে। আমাদের সম্পর্ক আগে যেভাবে ছিল, এখনও সেভাবে আছে, আগামীতেও এমন থাকবে।"
চেম্বার নেতারা এ সময় ভারতের সঙ্গে সিলেটের ব্যবসা ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন।
চেম্বার সভাপতি জুন্নুন মাহমুদ খান বলেন, সিলেট-শিলং-গুয়াহাটি সরাসরি বাস সার্ভিস চালু হলে ব্যবসা ছাড়াও সিলেট অঞ্চলে যেসব ভারতীয় বসতি করে থাকেন তারা নিয়মিত আত্মীয় পরিজনের সঙ্গে দেখা সাক্ষাত করতে পারবেন। এজন্য জকিগঞ্জ-করিমগঞ্জের মাঝখানে কুশিয়ারা নদীর উপর একটি সেতু স্থাপনের জন্য ভারতের প্রতি আহ্বান জানান।
সিলেট-গুয়াহাটি রেল সার্ভিস চালু করা যায় কিনা তাও খতিয়ে দেখার জন্য তিনি ভারতীয় ডেপুটি কমিশনারের প্রতি আহ্বান জানান।
চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসেইন বলেন, সব রকম চেষ্টার পরও কিছু অসুবিধার কারণে ভারতের সঙ্গে সহজভাবে ব্যবসা পরিচালনা করা যাচ্ছে না। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিসা সমস্যা। সিলেটের সঙ্গে বহির্বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ভারতের। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। ব্যবসা ছাড়াও লেখাপড়া আর চিকিৎসা ক্ষেত্রেও ভিসা সমস্যায় সিলেটের মানুষ বিড়ম্বনার শিকার হয়।
চেম্বার সভাপতি জুন্নুন মাহমুদ খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসেইন, জিয়াউল হক, সিরাজুদ্দিন, হিজকিল গুলজার, আব্দুল হান্নান, হাজি জালাল উদ্দিন, এএস ইসমাইল, পিন্টু চক্রবর্তী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২২৭৬ ঘ.
bdnews24