দিনাজপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার বলরামপুর মৌজায় আবাদি জমির কিছু অংশ মঙ্গলবার সন্ধ্যায় দেবে গেছে। তবে খনি এলাকায় এমন ঘটনা স্বাভাবিক দাবি করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বড়পুকুরিয়া কোল মাইকিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
স্থানীয় আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৌজার প্রায় ১০ একর আবাদি জমি পাঁচ থেকে ছয় ইঞ্চি দেবে যায়। এ কারণে জমির আইলগুলো পানির নিচে তলিয়ে গেছে।
বড়পুকুরিয়া কোল মাইকিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জমি দেবে যাওয়ার ঘটনা স্বীকার করলেও এর পরিমাণ দেড় বিঘার বেশি নয় বলে দাবি করেছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ খান বুধবার সকালে ঘটনাস্থল ঘুরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় দেড় একর জমির ৫ থেকে ৬ ইঞ্চি নিচে দেবে গেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খনি প্রকল্পের এলাকায় জমি দেবে যাওয়ার বিষয়টি আস্বাভাবিক কিছু নয়।"
খনির কারণে সম্ভাব্য ক্ষতি চিহ্নিত করতে বাপেক্স এর একটি দল গত ২৪ ফেব্র"য়ারি থেকে বড়পুকুরিয়া এলাকায় জরিপ চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, "জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সব জমি অধিগ্রহণ করা হবে।"
তিনি বলেন, "ভূ-পৃষ্টের যে অংশ দেবে গেছে সেটি খনির ১১০৩ ফেইজের ওপরের অংশ। এর পরও কয়লা উত্তোলনে কোনো সমস্যা হবে না।"
বড়পুকুরিয়া খনি থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৩ হাজার ৩শ ১৩ টন কয়লা উত্তোলন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১০৭ ঘ.
bdnews24