ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডায়ালাইসিসের প্রথম ধাপ হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দেহে বুধবার অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জলিলের ব্যক্তিগত চিকিৎসক ডা. মতিউর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ দুপুরে জলিল সাহবের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার 'শান্ট অপারেশন' হয়েছে। কিডনি ডায়ালাইসিসের প্রথম পদক্ষেপ হিসাবে এই অপারেশন করা হয়।"
কিডনি, হৃৎপিণ্ড ও চোখের সমস্যায় আক্রান্ত কারাবন্দি আব্দুল জলিলকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে গত রোববার এক মাসের জন্য প্যারোলে মুক্তি দেয় সরকার। সোমবার রাতে তিনি সিঙ্গাপুর যান। স্ত্রী রেহানা জলিল তার সঙ্গে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২০০৩ ঘ.
bdnews24