ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম মহবুবউজ্জামানকে বুধবার বিকেলে বনানীতে সেনানিবাস কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে বুধবার সকাল ১১টায় সচিবালয় জামে মসজিদে অনুষ্ঠিত তার নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সংস্থাপন সচিব আব্দুস সালাম খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে বাংলাদেশ মেডিকেল কলেজে ও ধানমন্ডির বায়তুল আমান মসজিদে জোহরের পর আরেকটি জানাজা হয়।
গত সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান মো. মহবুবউজ্জামান। বুধবার তার মরদেহ দেশে আনা হয়।
পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তা মহবুবউজ্জামান অবসর নেওয়ার পর এরশাদ সরকারের মন্ত্রী হন। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৮২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসএনডি/১৯০৮ ঘ.
bdnews24