চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি চেয়ারম্যানদের ম্যাজিস্ট্রেটের পদমর্যাদা দেওয়াসহ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে ১০ দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট।
জোটের বৃহত্তর চট্টগ্রাম শাখা বুধবার চিটাগাং প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর চট্টগ্রামের আহ্বায়ক ও সমন্বয়ক সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি ইউপি চেয়ারম্যানদের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের পদমর্যাদা, ক্ষমতা এবং সম্মানজনক ভাতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া প্রতিটি ইউপির আয়ের উৎসগুলোর ক্ষেত্র পুনর্বিন্যাস এবং বাস্তব নীতিমালা গ্রহণ, স্থানীয় সরকারকে আমলাতন্ত্র থেকে মুক্ত করার পদক্ষেপ নিতেও তিনি ঐক্য জোটের সুপারিশ তুলে ধরেন।
সুপারিশমালার মধ্যে উল্লেখযোগ্য হলো, স্থানীয় সাংসদরা যাতে স্থানীয় সরকার পরিচালানার কাজে হস্তক্ষেপ করতে না পারে তার বিধান প্রণয়ন, ইউপির স্ট্যান্ডিং কমিটির সংখ্যা ১৩ থেকে ১০টিতে কমিয়ে আনা এবং এ কমিটিগুলোর সদস্য সংখ্যা ও কাজের পরিধি সুনির্দিষ্ট করা, প্রতিটি ইউপিতে একজন করে হিসাব রক্ষক, ট্যাক্স প্রসেসর এবং সহকারী সচিব বা বিচারিক সচিব নিয়োগ করা।
সারওয়ার উদ্দিন জানান, গত বছরের ৩ জুন স্থানীয় সরকার পরিষদ শক্তিশালী করার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে। এ কমিটি গত ১১ নভেম্বর সরকারের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরে।
তিনি বলেন, তিনটি সংগঠন নিয়ে গঠিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট মনে করে কমিটি প্রণীত এ প্রতিবেদনের সুপারিশমালা নিয়ে ইউপি প্রতিনিধিদের সঙ্গে আরও আলাপ-আলোচনা প্রয়োজন। এ লক্ষ্যে ঐক্যজোট এ সব সুপারিশ তুলে ধরেছে।
এ বিষয়ে আরও পর্যালোচনার জন্য ১০টি আঞ্চলিক ইউপি প্রতিনিধি নিয়ে আগামী ৮ মার্চ চট্টগ্রাম মুসলিম হল ইনস্টিটিউটে এক মতবিনিময় সভার আহবান করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24