অলীপ ঘটক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বাগেরহাট, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভগ্ন স্বাস্থ্য নিয়ে আত্মীয়ের বাড়িতে 'বোঝা' হয়ে দিন কাটছে মুক্তিযোদ্ধা অসীম কুমার মিত্রের। চিরকুমার এ যোদ্ধার ভাই-বোন কেউ দেশে নেই। যে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন, সে মাটির টানে শুধু তিনিই রয়ে গেছেন দেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে একটি বৃদ্ধাশ্রম খুঁজে দিতে বললেন তিনি। জানালেন, যুদ্ধাপরাধীদের বিচার আমরা দেখে যেতে না পারলে মরেও শান্তি পাবেন না।
বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় ১৯৪০ সালে জন্ম হয় অসীম কুমার মিত্রের। বাবা সুবোধ কুমার মিত্র ও মা শীলা রাণী মিত্রের ছয় সন্তানের মধ্যে তিনিই সবার বড়। জেলা শহরের রাহাতের মোড়ে টাউন হিন্দু হোটেল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল তাদের। ওই প্রতিষ্ঠানের আয়েই চলত সংসার। অভাব অনটনের সংসারে লেখাপড়া খুব বেশি এগোয়নি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর পাঠ চুকাতে হয়।
যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে সুবোধ মিত্র শঙ্কিত হয়ে পরিবার নিয়ে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অসীমের তখন যুবক বয়স। জন্মভূমি ছেড়ে যেতে ঘোর আপত্তি জানালেন।
"বাবা-মাকে বললাম, দেশ স্বাধীন করার দায়িত্ব আমাদের। কাপুরুষের মতো দেশ ছেড়ে আমি যাব না", বললেন অসীম।
মাতৃভূমি রক্ষায় পরিবারের সব বন্ধন ছিন্ন করে দেশেই রয়ে গেলেন অসীম। বাবা, মা, ভাইবোন চলে গেল ভারতে। আপন ভাইবোনগুলো ভারতে কেমন আছে তার খোঁজ নেওয়া হয়নি আর।
১৯৭১ এর শুরুতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের পাশাপাশি তাদের দোসর রাজাকাররা লুটপাট-নির্যাতন শুরু করলে অসীম মিত্র বাগেরহাট শহর ছেড়ে ভৈরব নদীর ওপারে চরগ্রামে খালাতো ভাই দেবেন্দ্র নাথ সোমের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সে বাড়িতেও হানা দেয় রাজাকাররা। তখন পালিয়ে বাগেরহাটের মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে পরিচালিত মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন তিনি।
অসীম মিত্র বললেন, "বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে মুক্তিযোদ্ধা ক্যাম্পে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেই। এক মাস ধরে প্রশিক্ষণ চলে। অস্ত্র চালানোয় দক্ষতার পরিচয় দেওয়ায় আমাকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা বিনয় বিষ্ণু ও মানস ঘোষের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এখানে থেকে বিভিন্ন এলাকায় যুদ্ধ করি।"
মুক্তিযুদ্ধের বিশেষ কোনও স্মৃতির কথা জানতে চাইলে তিনি বলেন, "ফকিরহাটের হোচলা ও বৈলতলী গ্রামে রাজাকাররা ঢুকে লুটপাট-নির্যাতন শুরু করার খবর পেয়ে বাহিরদিয়া ক্যাম্প থেকে আমরা ৩০/৪০ জন মুক্তিযোদ্ধা ওই এলাকায় যাই। আমাদের আক্রমণের মুখে রাজাকাররা পিছু হটতে বাধ্য হয়। হোচলা-বৈলতলী এলাকায় অপারেশন শেষ করে ফেরার পথে শুনি আমাদের ক্যাম্পের কাছে মানসা বাজারে রাজাকাররা আক্রমণ করেছে। তারা খুলনা জেলার রূপসা উপজেলার কাজদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। ওইদিন আমরা সংগঠিত হয়ে খোঁজাডাঙ্গা গ্রামের রাজাকার ক্যাম্পে আক্রমণ করে তাদের উচ্ছেদ করি। এভাবে বাগেরহাটকে শত্র"মুক্ত করতে থাকি আমরা।"
দেশ স্বাধীন হওয়ার পর ৬৮ টাকা মাসিক বেতনে লঞ্চে কেরানির চাকরি নেন অসীম মিত্র। গত ২০০৬ সালে সে চাকরি থেকে বিদায় নেন। ৬৭ বছর বয়সী অসীম কুমার এরপর থেকেই বেকার। বাবার রেখে যাওয়া পৈত্রিক ভিটে চাচাতো ভাইরা জালিয়াতি করে দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে বর্তমানে কোনও রকমে দিন কাটছে।
বললেন, "দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় পেয়েছি। অনেক কষ্ট দিয়েছি। এই পরিবারে আমি বর্তমানে অকর্মণ্য একজন মানুষ। আর ভালো লাগে না। কোনও বৃদ্ধাশ্রমে গিয়ে বাকি জীবনটা কাটাতে পারলে ভালো হতো।"
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মুক্তিযোদ্ধারা আবার সংগঠিত হতে শুরু করায় অসীম কুমারও উদ্দীপ্ত।
"এক জন মুক্তিযোদ্ধা হিসাবে সরকারের কাছে রাজাকার, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি। স্বাধীনতার ৩৭ বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে না পারলে মরেও যে শান্তি পাব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৯ ঘ.
bdnews24