২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মচারির বেতনের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা

রাজধানীতে প্রতারকরা অভিনব কায়দায় সরকারি কর্মচারিদের বেতনের ১২ লাখ টাকা এক কর্মকর্তার কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 09:43 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে প্রতারকরা অভিনব কায়দায় সরকারি কর্মচারিদের বেতনের ১২ লাখ টাকা এক কর্মকর্তার কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কোরবান খাজা মঙ্গলবার সকালে ব্যাংকে এসে কর্মচারিদের বেতনের জন্য ১২ লাখ ২৪ হাজার ৬৪৯ টাকা তোলেন। কোরবান খাজা বলেছেন টাকাগুলো ব্রিফকেসে নিয়ে তিনি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ কবীরের সামনে বসার পর এক পর্যায়ে হঠাৎ টাকাভর্তি ব্রিফকেসটি উধাও হয়ে যায়। সাংবাদিকদের ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরবান খাজা বলেন,'' প্রিন্সিপাল অফিসারের সামনে বসা অবস্থায় একজন অচেনা লোক এসে আমাকে বললেন, 'টাকা পড়ছে কার ? ১০/২০/১০০টাকার নোট মাটিতে পড়ে আছে কার?'; এ সময় আমি নিজের পকেটে হাত দিয়ে দেখি আমার কোনো টাকা পড়েছে কিনা। এরমধ্যে তাকিয়ে দেখি আমার ব্রিফকেস ও ওই অপরিচিত লোক নেই।'' গত পাঁচ বছর ধরে তিনি প্রতিবারই এভাবে বেতনের টাকা ওঠাচ্ছেন বলে জানান এ কর্মকর্তা। কোরবান খাজাকে তিনি 'সেভাবে' চেনেন না জানিয়ে প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ কবীর সাংবাদিকদের বলেন, "আগের কোনো পরিচয় নেই। উনি বসা ছিলেন চেয়ারে। আমি কাজে ব্যস্ত ছিলাম। এ ফাঁকে ঘটনাটি ঘটেছে। শুনলাম ব্রিফকেসটি নেই।'' ঘটনার পরপরই শাহবাগ থানা পুলিশ আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, "প্রতারণা করে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএম/এসকে/১৫৩৩ঘ.