ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বাংলাদেশীর মধ্যে চারজনের লাশ মঙ্গলবার দেশে পৌঁছেছে।
সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানের বিজি-০৫০ ফ্লাইটে লাশ চারটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী জিয়া লাশ গ্রহণ করে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করেন।
যাদের লাশ পৌঁছেছে তারা হলেন নড়াইলের শ্রীরামপুর উপজেলার আরিফুর রহমান, বগুড়ার গাবতলীর আব্দুল কাদের, নোয়াখালীর বেগমগঞ্জের হারুন ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সেলিম ভূঁইয়া।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী জানান, নিহতদের প্রত্যেক পরিবারকে সরকার এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে।
সোমবার বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মিজানুর রহমান রিয়াদ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সড়ক দুর্ঘটনায় নিহত বাকি সাত জনের লাশ অচিরেই ফিরিয়ে আনা হবে।" তিনি জানান স্পন্সর পাওয়া যায়নি বলে সাত জনের লাশ ফিরিয়ে আনতে দেরি হচ্ছে।
গত ৩১ জানুয়ারি সৌদী আরবের মধ্যাঞ্চলীয় প্রদেশ দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশীসহ ১৩ জন নিহত হয়।
১১ জনের মধ্যে নয়জন কাজ করতেন সৌদি ইলেকট্রিক কোম্পানি এবং অপর দু'জন কাজ করতেন ব্যামকো আল অ্যারাবি কোম্পানিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এসকে/১২৩২ঘ.
bdnews24