ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর ফাঁকির অভিযোগে জনকণ্ঠ সম্পাদক ও গ্লোব কন্সট্রাকশনস লিমিটেডের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার বিশেষ জজ আদালত-৬ এ অভিযোগ গঠনের পর বিচারক তানজীলা ইসমাইল আগামী ১০ মার্চ থেকে মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন, আতিকউল্লাহ খান মাসুদের স্ত্রী শামীমা এ খান, দুই ছেলে মিশাল আতিকউল্লাহ খান ও জিশাল আতিক উল্লাহ খান এবং গ্লোবের হিসাব নিরীক্ষাকারী দুটি প্রতিষ্ঠানের মালিক আতাউদ্দিন খান ও আবদুল খালেক।
গত ৬ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার আয়েশা সিদ্দীকা শেলী মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজসে ১৯৯৯ থেকে ২০০৬ করবর্ষ পর্যন্ত গ্লোব কন্সট্রাকশন লিমিটেডের ৫ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ২৯ টাকার আয় গোপন করেছেন এবং ২ কোটি ৮ লাখ ১৪ হাজার ৪৫ টাকার কর ফাঁকি দিয়েছেন।
কর ফাঁকির অভিযোগে একই আদালতে মাসুদের বিরুদ্ধে অন্য একটি মামলার বিচার কাজ চলছে।
আতিকউল্লাহ খান মাসুদ এখন কারাগারে রয়েছেন। যৌথবাহিনী গত ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে তাকে গ্রেপ্তার করে। তবে এ মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬৫১ ঘ.
bdnews24