ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রোববার রদবদল আনা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদলির আদেশ দেয়।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কে বি এম ওমর ফারুক চৌধুরীকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। ওই পদে নিয়োগ পেয়েছেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল হক।
এছাড়া দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অন্য উপজেলায় বদলি এবং দুটি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়েছে।
এদের মধ্যে ঠাকুরগাঁও সদরের সরোয়ার আলমকে পঞ্চগড়ের বোদা এবং কুড়িগ্রামের রৌমারির আহমেদ কবিরকে একই জেলার নাগেশ্বরী উপজেলায় বদলি করা হয়েছে। এচাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হানিফ উদ্দিনকে রৌমারি এবং দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুলতানা পারভীনকে ঠাকুরগাঁও সদরের ইউএনও করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮৩৭ ঘ.
bdnews24