ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তাকে ইন্টারপোল সদর দপ্তরে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব রোনাল্ড কেনেডি নোবেল।
এই প্রথম কোনও বাংলাদেশী ফ্রান্সের লিয়নে সংস্থাটির সদর দপ্তরে নিয়োগ পেতে যাচ্ছেন।
রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে তার কার্যালয়ে দেখা করার পর ইন্টারপোল মহাসচিব সাংবাদিকদের এ কথা জানান।
নোবেল জানান, উপদেষ্টার সঙ্গে তার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার এবং জঙ্গি তৎপরতা বন্ধে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার বিষয়ও রয়েছে।
তিনি আরো জানান, ইন্টারপোল বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তিন কর্মকর্তাকে ইন্টারপোল সদর দপ্তরে প্রশিক্ষণ দেয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬৫০ ঘ.
bdnews24