ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'যুক্তিসঙ্গত সময়ের মধ্যে' নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দায়ের করা রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানির জন্য হাইকোর্ট আগামী ১৯ মার্চ তারিখ ধার্য করেছেন।
রোববার বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিটটির চুড়ান্ত শুনানির দিন নির্ধারণের জন্য রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সোবহানের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 'যুক্তিসঙ্গত সময়ের মধ্যে' জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবেনা তার কারণ জানতে চেয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুলনিশি জারি করেছিল।
এরআগে ২৪ জানুয়ারি মাসুদ রেজা সোবহান ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন।
পাশাপাশি গত জাতীয় সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করায় ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবেনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, এর সচিব ও আইন সচিবের কাছে আদালত তারও কারণ জানতে চেয়েছিল।
রিটটির চুড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের পর ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধানের নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা বাধ্যতামূলক নয়।
তিনি আরও বলেন, ভোটার পরিচয়পত্র, ভোটার তালিকা প্রণয়নও নির্বাচন বিলম্বের কারণ। জরুরি অবস্থা প্রত্যাহার না করাও আরেকটি কারণ বলা হচ্ছে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সরকার জরুরি অবস্থা তুলে নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৩১৫ঘ.
bdnews24