ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গার তীরে এখনো আহাজারি। বৃহস্পতিবারও নদীতে লাশ খুঁজেছেন স্বজনরা।
তিন দিন ধরে মেয়ে জামাইকে খুঁজছেন জজ মিয়া। লঞ্চডুবিতে তার নাতি নুরুন্নবীও মারা গেছে।
"তিনদিন ধরে এখানেই আছি। ছেলে হারাইয়া আমার মাইয়াডা শোকে পাথর হইয়া গেছে। ডাক্তার তারে স্যালাইন দিয়া রাখছে। জানি না জামাইয়ের লাশটা পামু কি না।" বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ হাহাকার ব্যক্ত করেন তিনি।
ঢাকা থেকে মুন্সীগঞ্জের ঢহুরী যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে ট্রলারের ধাক্কায় দেড়শ যাত্রী নিয়ে ডুবে যায় সৌরভ-১ নামের লঞ্চটি। শুক্রবার পর্যন্ত মোট ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আমির হোসেন বৃহস্পতিবারও ট্রলারে করে দুই ভাগ্নের লাশ খুঁজেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা তাদের জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। এখন শুধু লাশগুলো খুঁজছি।"
আমির হোসেনের খালা আনোয়ারা বেগমও এই লঞ্চ ডুবিতে মারা গেছেন। তার লাশ পাওয়া গেলেও দুই ভাগ্নে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সজিব ও জিঞ্জিরা ঝাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রাজিবের লাশ পাওয়া পাওয়া যায়নি এখনো।
ওই এলাকায় দায়িত্বরত হাবিলদার নান্টু মিয়া জানান, আমির হোসেন আর জজ মিয়ার মতো আরো অনেকেই বৃহস্পতিবারও নিখোঁজ স্বজনদের লাশের খোঁজে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে তিনি বলেন, "সকাল থেকে বেশ কয়েকজন এসেছেন লাশের খোঁজে। কিন্তুু নতুন করে কোনো লাশ পাওয়া যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/প্রতিনিধি/এএল/এমএইচবি/২১৪৩ ঘ.
bdnews24