গাইবান্ধা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭১-এর ঘাতক দালাল নির্মুল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, যুদ্ধাপরাধ জাতীয় কলংক। এই কলংক ঘোচাতে নিজামী, মুজাহিদসহ তাদের দোসরদের অবিলম্বে বিচার করতে হবে। যাতে তারা আগামী নির্বাচনে অংশ নিতে না পারে। কারণ যুদ্ধাপরাধের বিচার না হলে গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব নয়।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়ে তিনি বলেন, "মুক্তিযুদ্ধের চেতনাকে জাতীয় মানসে সুসংহত করা না গেলে স্বাধীনতার সার্বিক সুফল কখনোই জনতার ঘরে ঘরে পৌঁছাবে না।"
শনিবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মুল কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় শাহরিয়ার কবির এ কথা বলেন।
আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামির সঙ্গে কোনো দল যাতে জোট করতে না পারে সে জন্য জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা শ্যামলী নাসরিন চৌধুরী, কাজী মুকুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24