২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আটক সন্দেহভাজন আট জঙ্গি জেলহাজতে

নগরকান্দা উপজেলার শংকারপাশা গ্রাম থেকে আটক সন্দেহভাজন আট জঙ্গিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ফরিদপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরকান্দা উপজেলার শংকারপাশা গ্রাম থেকে আটক সন্দেহভাজন আট জঙ্গিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আব্দুর রহিম তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার রাতে শংকরপাশা গ্রামে গোপন বৈঠক করার সময় জঙ্গি সন্দেহে এই আটজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ফরিদপুর সদর উপজেলার বাকচরের রুহুল আমীন (৩১), পুরানপুরের ফরিদ শেখ (২০), ভাঙ্গা উপজেলার গজারিয়া গ্রামের ওবায়দুর রহমান (৪৫) ও বাড়ই গ্রামের আলম মিয়া (৩০), রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের রুহুল আমীন (২৬), গোয়ালন্দ উপজেলার পাঁচুরিয়া কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম (২৬), বরিশালের হিজলা উপজেলার টুংচুর গ্রামের হুমায়ুন কবির (৩১) ও রাজশাহীর বোয়ালিয়া উপজেলার হেতেম খাঁ গ্রামের আনোয়ার হোসেন (৩৬)। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেছ আলী বলেন, "গ্রেপ্তারকৃতদের সম্পর্কে তথ্য জানতে চেয়ে তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট থানায় বার্তা পাঠানো হয়েছে। তথ্য পাওয়ার পর মামলা হবে। তবে আপাতত সবাইকে ৫৪ ধারায় সন্দেহভাজন জঙ্গি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।" তিনি জানান, গত তিন/চার মাস ধরে তারা এখানে গোপন কর্মকান্ড চালাচ্ছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৬ ঘ.