২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লুতে ক্ষতিগ্রস্ত খামারিদের পুর্নবাসনের উদ্যোগ নিয়েছে সরকার : মানিকলাল

বার্ড ফ্লুর কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের পুর্নবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে পোল্ট্রি ফিডের দাম কমানো এবং ক্ষতিগ্রস্ত খামারে নিধন করা মুরগির ক্ষতিপূরণের হারও পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লুর কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের পুর্নবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে পোল্ট্রি ফিডের দাম কমানো এবং ক্ষতিগ্রস্ত খামারে নিধন করা মুরগির ক্ষতিপূরণের হারও পুনর্নির্ধারণ করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে পোল্ট্রি ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 'মুরগির মেজবান' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিকলাল সমাদ্দার এ কথা জানান। তিনি বলেন, "ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে সরকার মেরে ফেলা মুরগি ৯৫-৯০ টাকা, একদিন বয়সী মুরগির বাচ্চা ২০ টাকা এবং ধ্বংস করা মুরগি ও হাঁসের ডিম তিন টাকা করে পুর্ননির্ধারণ করেছে।" বিশেষ সহকারী জানান, খামারিদের পুনর্বাসনে সরকার স্বল্প সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যাংগুলোর সঙ্গে সরকারের তরফ থেকে আলোচনা শুরু হয়েছে। খামার ও এর আশপাশে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে তিনি খামার মালিকদের প্রতি আহবান জানান। প্রতিটি বাজারে সবজি ও অন্যান্য পণ্যের দোকান থেকে মুরগির দোকান আলাদা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মানিকলাল সমাদ্দার মেজবানে উপস্থিত খামারিদের জানান। পোল্ট্রি ব্যবসায়ী ইকবাল দাদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মেজবানে অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, জেলা প্রশাসক আশরাফ শামীম বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও অন্যান্য অতিথিরা পরে মুরগির মাংস ও ডিম দিয়ে দুপুরের খাবার খান। চট্টগ্রাম পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি বার্ড ফ্লু নিয়ে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এই মুরগির মেজবানের আয়োজন করে। মেজবানের আগে দুপুর বারটায় নগরীর জমিয়তুল ফালাহ থেকে বার্ড ফ্লু সম্পর্কে সচেতনতামূলক শ্লোগান লেখা ব্যানার-ফেষ্টুন নিয়ে খামার মালিক-শ্রমিক কর্মচারিরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৪১ ঘ.