ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্ন্তজাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এর মহাসচিব রোনাল্ড কে নোবেল শনিবার বিকেলে ঢাকা পৌঁছেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান।
পুলিশের অতিরিক্ত মহাপরির্দশক (প্রশাসন) নবকিশোর বিক্রম ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টা ২০ এ বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ইন্টারপোল মহাসচিব সিআইডি সদর দপ্তরে যান। সেখানে নবগঠিত 'অপরাধ তথ্য বিশ্লেষণ ইউনিট' উদ্বোধন করেন তিনি।
ইনাটারপোলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক পানাস পং সিরাওয়াংস, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (সিআইডি) মো. জাবেদ পাটোয়ারিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শনিবার নোবেলের পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার কার্যালয় (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো-এনসিবি) পরিদর্শন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গেও দেখা করবেন তিনি।
শুক্রবার বিকেলে ঢাকায় আসার কথা থাকলেও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কারণে শনিবার ঢাকা পৌঁছান ইন্টারপোল মহাসচিব ।
ইন্টারপোলের কোনো প্রধান এই প্রথম বাংলাদেশ সফর করছেন। সংক্ষিপ্ত সফর শেষে রোববার সকালে তার ঢাকা ত্যাগ করার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/১৯৩০ ঘ.
bdnews24