২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হোন: সাখাওয়াত

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের নির্দেশনা না থাকায় নির্বাচন কমিশন (ইসি) যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক মতবিনিময় সভায় সাখাওয়াত হোসেন বলেন, "কোন এলাকায় কে যুদ্ধাপরাধী- তা আপনারা জানেন। তাদের বিরুদ্ধে আদালতে মামলা করুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

মুন্সীগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের নির্দেশনা না থাকায় নির্বাচন কমিশন (ইসি) যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক মতবিনিময় সভায় সাখাওয়াত হোসেন বলেন, "কোন এলাকায় কে যুদ্ধাপরাধী- তা আপনারা জানেন। তাদের বিরুদ্ধে আদালতে মামলা করুন। আদালতের নির্দেশনা না থাকায় চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছি না।" ভোট দেওয়ার ক্ষমতা জনগণের হাতে উল্লেখ করে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের ভোট দেবেন না; তা হলেই তো হলো।" সাখাওয়াত হোসেন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নির্বাচনী আইনে যুদ্ধাপরাধীদের অযোগ্য করে বিধান রাখছি। কিন্তু আদালতের নির্দেশনা না থাকায় তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিছু করতে পারছে না।" তিনি বলেন, "স্থানীয় নেতা, সাধারণ লোকজন ও সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে আমি বলেছি, আপনারা আদালতে মামলা করুন, মামলা হলে আমরাও একটা নির্দেশনা পাবো। তাহলে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার থাকবে।" রোডম্যাপ অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে বলে নির্বাচন কমিশনার সবাইকে আশ্বাস দেন। কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ে ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মনির উদ্দিন, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন প্রমুখ। সাখাওয়াত হোসেন পরে গাঁওদিয়া ও কমলা ইউনিয়নের কয়েকটি ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/এসকে/১৭৫৩ঘ.