ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছরের বর্ষার নিস্তব্ধ দেহ পানি থেকে টেনে তোলা হলে আবারো হাহাকার বয়ে যায় বুড়িগঙ্গার তীরে। মুন্সীগঞ্জের এই শিশুটিকে নিয়ে বৃহস্পতিবার ডুবে যাওয়া লঞ্চটি থেকে উদ্ধার হয়েছে ৩২টি লাশ। উদ্ধারকারী জাহাজ রুস্তম গভীর রাতে লঞ্চটিকে নদীর কেরানীগঞ্জের তীরে টেনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদার জানান, তারা প্রায় জনা চল্লিশেক সাংবাদিক রুস্তমের ডেকে দাঁড়িয়ে উদ্ধার তৎপরতা দেখছেন। তীরে দাঁড়িয়ে আছে হাজারেরও বেশি মানুষ, অনেকেই নিখোঁজ স্বজনের ভাগ্য জানতে উদভ্রান্ত চিত্তে তাকিয়ে আছে বুড়িগঙ্গার পানির দিকে।
ঢাকা থেকে মুন্সীগঞ্জের ঢহুরী যাওয়ার পথে একটি ট্রলারের ধাক্কায় সৌরভ- ১ নামের একতলা লঞ্চটি বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বুড়িগঙ্গা প্রথম সেতুর পশ্চিম পাশে ডুবে যায়। লঞ্চে আনুমানিক দেড়শ যাত্রী ছিল। এ পর্যন্ত ১৬ নারী ও আট শিশুসহ ৩২ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর লঞ্চের ৬০ থেকে ৭০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এডি/এমএইচবি/০২০৩ ঘ.
bdnews24