ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে মুন্সীগঞ্জের ঢহুরী যাওয়ার পথে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চটি টেনে তোলার কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। সৌরভ- ১ নামের একতলা লঞ্চটি বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বুড়িগঙ্গা প্রথম সেতুর পশ্চিম পাশে ট্রলারের সঙ্গে সংঘর্ষের পর ডুবে যায়। লঞ্চে আনুমানিক দেড়শ যাত্রী ছিল। এ পর্যন্ত ১৬ নারী ও আট শিশুসহ ৩২ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক লিটন হায়দার, মোশতাক আহমেদ, মো. কামাল তালুকদার প্রত্যক্ষদর্শী ও পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান, দুর্ঘটনার পর লঞ্চের ৬০ থেকে ৭০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছে।
নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- জরিনা বেগম (৫০), তার দুই নাতনি জোনাকী (১) ও তুহেলী (৩), নয়ন (২৬), বিউটি (১৬), রনজিত ঘোষ (৫০), আরাফাত (৫), মনোয়ারা (৫০), ইডেন কলেজ ছাত্রী আকলিমা (২২), জয়নব (৪২) , আনোয়ারা (৫৫), সিরাজুল (৪৫) ও ইসরাফিল (৩০)।
কেরাণীগঞ্জ থানার পুলিশের উপ পরিদর্শক বেলায়েত মিয়া রাত সোয় সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দমকলের ডুবুরিরা এখন পর্যন্ত ৩১টি লাশ উদ্ধার করেছে। ডুবে যাওয়া লঞ্চের ভেতরে আরও লাশ থাকতে পারে।"
প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্য ফারুখ হোসেন জানান, বেলা সোয়া ৩টার দিকে বুড়িগঙ্গা প্রথম সেতুর পশ্চিম পাশে ঢাকার দিকে আসা বালুভর্তি ট্রলার আল আমিন লঞ্চটির এক পাশে ধাক্কা দেয়। এতে লঞ্চটি হেলে পড়ে এবং ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ডুবে যায়।
দুর্ঘটনার সময় নদীর দক্ষিণ তীরে থাকা ফারুখ হোসেন জানান, লঞ্চের ৬০/৭০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছে।
দুর্ঘটনার পর উদ্ধার কাজে নিয়োজিত দমকলের সিনিয়র স্টেশন-অফিসার গোবাত আলী সরকার রাত সোয়া ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের ডুবুরিরা দেখেছে ডুবে যাওয়ার পর লঞ্চটি নদীর তলদেশে কিছুটা দেবে গেছে। ওই অংশে এখনো পৌঁছানো যায়নি। সেখানে লাশ থাকলেও থাকতে পারে।"
রাত সাড়ে এগারোটার দিকে তিনি জানান, উদ্ধারকারী জাহাজ রুস্তম লঞ্চটি টেনে তোলার কাজ চালিয়ে যাচ্ছে। আরো ান্তাত দুই ঘণ্টা কাজ চলবে।
দমকলের ডুবুরি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় বলেন, "আমরা কেবল লঞ্চের বাইরে থেকে মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। ভেতরে, বিশেষ করে কেবিনে অনেক লাশ থাকার আশঙ্কা রয়েছে।"
বেঁচে যাওয়া যাত্রী রিতা (৩৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাশুড়ি ও শিশুসন্তানকে নিয়ে তিনি ঢহুরী যাচ্ছিলেন। লঞ্চ ডুবে যাওয়ার সময় ভেতরে তারা আটকে পড়েন।
"আমি ছেলেকে বুকে জড়িয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকি। এক সময় জানালা দিয়ে বের হতে সক্ষম হই। পরে লোকজন আমাদের উদ্ধার করে"
bdnews24