ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের দিকে তাকিয়ে না থেকে স্বীকৃত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীরউত্তম)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের শেষ দিন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী এ আহ্বান জানান।
এদিন কমিশনের সঙ্গে সংলাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলী আহমেদ ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীও একই দাবি জানান।
এলডিপির দাবি, কমিশন যেন যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করার জন্য সরকারকে অনুরোধ করে। আর ইসলামী ঐক্য জোট দণ্ডিত যুদ্ধাপরাধীদের নির্বাচনে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী।
সংলাপে কাদের সিদ্দিকী বলেন, "জামায়াত ইসলামী স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী হিসেবে সব মহলে পরিচিত। তারা রাজনৈতিক স্বীকৃতি পাবে কেন? ধর্ম-কর্ম করলে রাজনীতি করা যাবে না তা নয়। কিন্তু যুদ্ধাপরাধী ও ধর্মীয় দল এক কথা নয়।"
জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাকে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, "আল কোরআনেও দাঁড়িপাল্লা ন্যায়বিচার ও সত্যের প্রতীক। এটি একই সঙ্গে একটি ধর্মীয় প্রতীক। নির্বাচনী প্রতীকের তালিকা থেকে এটি বাদ দেওয়া উচিৎ।"
নির্বাচন কমিশনের রাজনৈতিক সংলাপ ৯০ ভাগ সফল হয়েছে এমন মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, "সংলাপ শতভাগ বিফলে যাবে যদি বিএনপির সঙ্গে আলোচনা না হয়।"
কৃষক শ্রমিক জনতা লীগ প্রধান বলেন, "বিএনপির দুই অংশকেই সংলাপে বসার জন্য চিঠি দিতে পারতো নির্বাচন কমিশন।"
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, "বিএনপির সঙ্গে সংলাপে বসার বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইনা।"
"কোনো দল ভেঙে যাক আমরা তা চাই না।"
কমিশন কোনও 'দলীয় ঝগড়াঝাটির' মধ্যে জড়াতে চায় না বলেও মন্তব্য করেন সিইসি।
যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে সিইসি বলেন, "আমরা এরই মধ্যে খসড়া আইনে প্রস্তাব এনেছি, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আদালতের আদেশ হতে হবে। দণ্ডিত প্রার্থী কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না।"
কৃষক শ্রমিক জনতা লীগের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে জরুরি অবস্থা প্রত্যাহার করা, নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর সুযোগ দেওয়া, সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানোর সুযোগ, রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল করা, প্রবাসীদের সংগঠন করার অধিকার রাখা, নির্বাচনী আসনের সীমানা এখনই পুনঃনির্ধারণ না করা ইত্যাদি।
এদিন কৃষক শ্রমিক জনতা লীগের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনসহ ইসির অন্যান্য কর্মকর্তারা সংলাপে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবারের সংলাপে অবসরপ্রাপ্ত কর্নেল অলী আহমেদের নেতৃত্বে এলডিপির ১২ জন প্রতিনিধি অংশ নেন।
অলী আহমেদ বলেন, "যুদ্ধাপরাধী কারা আমরা তা জানি। তাদের শাস্তি দিতে পারিনি, এটি আমাদেরও ব্যর্থতা। আমরা কমিশনকে অনুরোধ করবো, তারা যেনো চিহ্নিত যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করার জন্য সরকারের সঙ্গে আলোচনা করে।"
নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য কমিশন ব্যাংকের কাছে ঋণ খেলাপীদের তালিকা চাইতে পারলে, সরকারের কাছে যুদ্ধাপরাধীদের তালিকাও চাইতে পারে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্যে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে
bdnews24