চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার ফল প্রকাশ না হওয়ার এক বছর পূর্তি কেক কেটে উদযাপন করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা। ২০০৩-০৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীরা পরীক্ষা দেন গত বছর ২৮ ফেব্র"য়ারি।
বৃহস্পতিবার কেক কেটে ফল প্রকাশে পরীক্ষা কমিটির ব্যর্থতাকে বিদ্রুপ করলেও এক বছর পিছিয়ে পড়া এই শিক্ষার্থীরা ক্ষুব্ধ, হতাশ। অনেকেই হাউ মাউ করে কেঁদে ফেলেন।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে জারুলতলায় এই প্রতিবাদের সময় শিক্ষার্থীরা জানান, তারা কার কাছে যাবেন, কী করবেন- জানেন না। কিছু করতে গেলেই পরোক্ষভাবে একাডেমিক হেনস্তার শিকার হতে পারেন বলে তাদের ভয়ের কথা জানালেন।
এক বছরেও পরীক্ষার ফল প্রকাশ করতে না পারার কারণ হিসেবে পরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক গোলাম মুস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেবুলেশন শিটে গ্রেডিং সিস্টেমের কিছু সমস্যার কারণে ফল প্রকাশ করা যায়নি। রোববার ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।"
নিয়ম অনুযায়ী পরীক্ষার তিন মাস পর ফল প্রকাশের কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/১৯৩১ ঘ.
bdnews24