কক্সবাজার, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পূর্ণচন্দ্র পালকে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে পৌরসভা কার্যালয় থেকে যৌথবাহিনী সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মহেশখালী থানায় সোপর্দ করা হয়।
মহেশখালী নৌ-কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাফসির আহমদ সাংবাদিকদের জানান, পৌরসভার কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও পৌরসভার তহবিল আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পূর্ণচন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পৌরসভার কর্মকর্তারা জানান, পৌর চেয়ারম্যান সরওয়ার আজম পলাতক থাকায় ২০০৭ সালের ২৭ জুন কমিশনার পূর্ণচন্দ্র পাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24