২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার কমিশন আইনের খসড়া চূড়ান্ত

স্থানীয় সরকার কমিশন গঠনে আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার কমিশন গঠনে আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, "সরকার চায় একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শুধু স্বাধীন করে দিলেই চলবে না, তাদের নিজস্ব আয়ের উৎস ও কর্মপরিধি নির্ধারণ করতে হবে।" তিনি জানান, এজন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তিনটি নির্দিষ্ট আইনের আওতায় আনা হচ্ছে। এসব আইনের মধ্যে ছয়টি সিটি করপোরেশনসহ ভবিষ্যতে কোনো সিটি করপোরেশন হলে তাও একটি আইনে, সব পৌরসভা একটি আইনে এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলো আরেকটি আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে। সরকার এরই মধ্যে ছয়টি সিটি করপোরেশনের জন্য একটি আইনের খসড়া চূড়ান্ত করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, "এসব আইন কার্যকর করতে স্থানীয় সরকার কমিশনের প্রয়োজন দেখা দেবে। তাই স্থানীয় সরকার কমিশন গঠনের জন্য আইনের খসড়াও চূড়ান্ত করা হয়েছে। দুটি আইনই একসঙ্গে অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ অনুমোদন করলেই সেগুলো অধ্যাদেশ আকারে জারি করা হবে।" স্থানীয় সরকার কমিশনের গঠন-প্রকৃতি এবং কমিশনের সদস্যদের যোগ্যতা এখনো ঠিক হয়নি- জানিয়ে আনোয়ারুল ইকবাল বলেন, "উপদেষ্টা পরিষদে আলোচনার মাধ্যমেই এটি চূড়ান্ত করা হবে।" কমিশনের সদস্যদের নাম প্রস্তাব করার জন্য একটি 'সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি' থাকবে বলেও জানান তিনি। কমিটি তিন সদস্যের একটি প্যানেল নির্বাচন করে নাম প্রস্তাব করবে। পরে রাষ্ট্রপতি এর মধ্যে থেকে নিয়োগ দেবেন। তিনি জানান, যত দ্রুত সম্ভব সরকার কমিশন গঠন ও সদস্য নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেবে। গঠিত হতে যাওয়া ওই কমিশন কোন মন্ত্রণালয় বা বিভাগের অধীনে থাকবে- তা চূড়ান্ত হয়নি বলে জানান উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/এমএইচবি/২১১০ ঘ.