ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ হওয়া ৪৩০ কোটি টাকা সরকারকে ফেরৎ দিচ্ছে।
তবে এর বিপরীতে স্থানীয় সরকার বিভাগ সরকারের কাছে ৫৩১ কোটি টাকার তিনটি প্রকল্প প্রস্তাব দিয়েছে। একনেক অনুমোদন করলে চলতি অর্থবছর থেকেই ওই তিনটি প্রকল্পের কাজ শুরু হবে।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ বিভিন্ন সংস্থা ও করপোরেশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট সংস্থা ও করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, বিভিন্ন কারণে গত বছরের তুলনায় এ বছর এডিপি বাস্তবায়নের পরিমাণ কম। তবে সরকারের অন্য মন্ত্রণালয়গুলোর তুলনায় স্থানীয় সরকার বিভাগে এডিপি বাস্তবায়ন অনেক বেশি।
তিনি বলেন, "যেসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়, সেগুলোর অর্থ ফেরৎ নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করা হয়েছে। দাতা সংস্থার সঙ্গে জটিলতা ও ঠিকাদাররা ঠিক মতো কাজ না করায় এসব প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। তাই টাকা আটকে না রেখে অন্য প্রকল্পে স্থানান্তরের জন্য ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
আনোয়ারুল ইকবাল জানান, নতুন করে বিভিন্ন মেয়াদি তিনটি প্রকল্প সরকারের কাছে দেওয়া হয়েছে। এর মধ্যে আছে উপজেলা পর্যায়ে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত পুরো সড়ক মেরামত, প্রতিটি ইউনিয়নে কৃষকদের জন্য আলাদা বাজার স্থাপন এবং কাঁচা-পাকা সড়ক সংরক্ষণ ও সামাজিক বনায়ন কর্মসূচি।
এসব প্রকল্প বাস্তবায়নে চলতি বছরই প্রায় একশ কোটি টাকা ব্যয় হবে জানিয়ে উপদেষ্টা বলেন, "এর মধ্যে দেশের চার হাজার ৪৯৮টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে বাজার কৃষকদের জন্য ছেড়ে দিতে প্রায় ২০ কোটি টাকা, মহিলাদের মাধ্যমে সড়ক সংরক্ষণ ও সামাজিক বনায়নে ৩০ কোটি টাকা এবং বাকি টাকা সড়ক মেরামতের জন্য ব্যয় করা হবে। এতে প্রায় ৫০ হাজার পরিবারের কর্মসংস্থান হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২০১৮ ঘ.
bdnews24