ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ প্রশাসনের সদর দপ্তর, বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ে কর্মরত ১৮ জন পুলিশ সুপার (এসপি) ও সম-পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল হয়েছে। এর মধ্যে ১৭ জনকে বদলি করা হয়েছে। আর জাতিসংঘ মিশন থেকে ফিরে আসা এক জনকে পুলিশ সদর দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মাগুরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মুসলিমকে সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার, রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএস-এর অধিনায়ক আবদুর রহমান খাঁনকে সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার, নোয়াখালীর এসপি মুশফেকুর রহমানকে রাজবাড়ির এসপি, খাগড়াছড়ির এসপি খন্দকার লুৎফুল কবিরকে নোয়াখালীর এসপি, শেরপুরের এসপি কৃষ্ণ পদ রায়কে সিআইডি রাজশাহীর বিশেষ পুলিশ সুপার, লালমনিরহাটের এসপি জমশের আলীকে ময়মনসিংহের মুক্তাগাছা ৭ম এপিবিএন-এর অধিনায়ক হিসাবে বদলি করা হয়েছে।
ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূঁইয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি), খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিসি একেএম মাসুদুল আলমকে জয়পুরহাটের এসপি, জয়পুরহাটের এসপি শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি, খাগড়াছড়ির মহালছড়ির ১ম এপিবিএন-এর অধিনায়ক হুমায়ুন কবিরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, হাইওয়ে পুলিশের পশ্চিম জোনের এসপি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে মানিকগঞ্জের এসপি হিসাবে বদলি করা হয়েছে।
উপ-মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত নীলফামারী সাবেক এসপি মোহা. আবুল কালাম আজাদকে খাগড়াছড়ির মহালছড়ির ১ম এপিবিএন-এর অধিনায়ক, ঢাকা নবম এপিবিএন-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে ঝিনাইদহের এসপি, কেএমপির ডিসি আবদুল জলিল মণ্ডলকে পুলিশ সদর দপ্তরের এআইজি, সিলেট আরআরএফ-এর অধিনায়ক আলী হোসেন ফকিরকে মাগুরার এসপি, মানিকগঞ্জের এসপি ইমতিয়াজ আহমেদকে কুমিল্লার এসপি এবং ডিএমপির ডিসি কাইয়ুমুজ্জামান খানকে খাগড়াছড়ির এসপি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাগত এসপি আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি) নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৫৭ ঘ.
bdnews24