সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটকেলঘাটার মির্জাপুরে মঙ্গলবার সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মারা গেছে স্কুল ছাত্র শামীম গাজী (১২)। আহত হয়েছে তার চাচাতো ভাই মিলন গাজী (১৩)। তারা দু'জনই পাটকেলঘাটার জুজখোলা হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
আহত মিলনকে স্থানীয়রা উদ্ধার করে পাটকেলঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পরে বিক্ষুদ্ধ জনতা কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি আটক করতে পারেনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান জানান, শামীম গাজী ও তার চাচাতো ভাই মিলন গাজী বাইসাইকেলে ধলবাড়িয়া থেকে আমতলার ডাঙ্গা গ্রামে নিজেদের বাড়ি যাচ্ছিল। মির্জাপুরে আসার পর সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (যশোর-গ-১৩৪৮) তাদের চাপা দেয়।
ঘটনাস্থলেই মারা যায় শামীম। তার চাচাতো ভাই মিলন মারাত্মক আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৪৭ ঘ.
bdnews24