ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও প্রশিক্ষিত জনবল তৈরিতে 'বাস্তবসম্মত' কার্যক্রম হাতে নিচ্ছে দেশের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি ইতোমধ্যে তাদের ১৬ দফা কার্যক্রম হাতে নিয়েছে।
মানব উন্নয়ন উদ্যোগ (আইএইচডি) নামের ওই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাটির সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "কীভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা যায়, প্রশিক্ষিত জনবল তৈরি করা যায়- সে লক্ষ্যে বাস্তবসম্মত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ সংস্থা পর্যায়ক্রমে এসব বাস্তবায়নের পদক্ষেপ নেবে।"
শিক্ষিত বেকারদের মানব সম্পদে রুপান্তরিত করতে পারলে এ দেশ অসাধ্য সাধন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
আইএইচডি এর ১৬ দফা কার্যক্রমের মধ্যে রয়েছে, স্বাক্ষরতার হার বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে জরিপ চালানো, সরকারি সিদ্ধান্ত ও কর্মসূচির বিষয়ে জাতীয়-আন্তর্জাতির মূল্যায়ন, দেশের এনজিওগুলোর যৌথ কর্মসূচি গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্তকরণ, কারিকুলাম উন্নয়ন, গবেষণা পরিচালনা, শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য সম্বলিত মানচিত্র প্রকাশসহ আরো কয়েকটি কার্যক্রম।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অধ্যক্ষ নূরুন নবী সিদ্দিকী, মোহাম্মদ আজিজুল ইসলাম, আসাদুজ্জামান সিদ্দিকী, তহুরা শারমিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএনএ/১৪২৯ ঘ.
bdnews24