অমিত তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের নিয়মিত আপিল করার আবেদন মঞ্জুর করে মঙ্গলবার আপিল বিভাগ এ আদেশ দেয়। একইসঙ্গে নিু আদালতে মামলার কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের আপিল আবেদন মঞ্জুর করে আগামী ১৬ মার্চ আপিল গ্রহণের দিন ধার্য করেছেন। বিস্তারিত জানাচ্ছেন অমিত তালুকদার।
আদালতের আদেশের পর শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে। একইসঙ্গে নিু আদালতে মামলার কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।"
আদেশের পর সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত আমাদের আপিল গ্রহণ করেছে এবং হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে। আপিল বিভাগ নিু আদালতে শুধু হাসিনার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করেছেন। এতে জরুরি বিধিতে অন্তর্ভুক্ত অন্য মামলাগুলোর বিচার কার্যক্রম চলার ক্ষেত্রে বাধা দূর হলো।"
এর আগে শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "রাষ্ট্র ও জনসাধারণের নিরাপত্তা, জাতীয় জীবনে দুর্নীতি দমনের জন্য সরকার জরুরি আইনের অধীনে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবে। তবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি দুর্নীতির মামলা নয়, এটি একটি চাঁদাবাজির মামলা।"
তিনি সংবিধানের ৩৫ অনুচ্ছেদ উল্লেখ করে শুনানিতে আরও বলেন, "যে সময়ের অপরাধ সে সময়ের বিদ্যমান আইনেই তার বিচার করা যায়। শেখ হাসিনার বিরুদ্ধে জরুরি অবস্থার আগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে চলতে পারে না।"
ব্যারিস্টার হক হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ না দেওয়ার আবেদন জানিয়ে বলেন, "আদালত সরকারের লিভ টু আপিল মঞ্জুর করতে পারেন। তবে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া যায় না। আদালত ১০/১৫ দিন পর নিয়মিত আপিল শুনানির দিন ধার্য করতে পারেন। ওই শুনানির পর এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে।"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে বলেন, "হাইকোর্ট তার রায়ে জরুরি ক্ষমতা আইনের ১০টি ধারা নিয়ে প্রশ্ন তুলেছেন। হাইকোর্টের রায় বহাল থাকলে ধারা ১০টি বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে জরুরি ক্ষমতা আইনে দায়ের করা মামলাগুলোয় অচলাবস্থা দেখা দেবে।"
শুনানিতে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, "জরুরি ক্ষমতা আইনে মামলার অনুমোদন দেওয়ার বৈধতা নিয়ে দায়ের করা অপর একটি রিট আবেদন বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে হাইকোর্টের অপর একটি বেঞ্চ খারিজ করে দিয়েছিলেন। ওই রায়ের সঙ্গে বর্তমান রায়ের বৈপরীত্য রয়েছে। হাইকোর্টের রায় স্থগিত করে এ বৈপরীত্যের সমাধান করা দরকার।"
সরকারের দায়ের করা আপিলের শুনানি গ্রহণের জন্য সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়। শুনানিকালে আদালতেও বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। শুনানির সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষক লীগের সভাপতি আব্দুল জলিল ও মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপুমনি আদালতে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার প্রধান কৌঁসুলী ব্যারিস্টার রফিক উল হক আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে আমরাও খুশি, সরকারও খুশি। কারণ সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় নিু আদালতের বিচার কার্যক্রম চলবে না। সরকারের জায়গায় আমরা থাকলেও লিভ চাইতাম। লিভ মঞ্জুর হওয়াটাই সমীচীন ছিল। সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মামলা।"
তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্টের এই রায়ের পর জরুরি বিধিমালায় আর কোনও মামলা চলবে না। আর সরকারও এখন আর জরুরি বিধিমালায় মামলা অন্তর্ভুক্ত করছে না। যদি কোনও মামলা জরুরি আইনে অন্তর্ভুক্ত করে তাহলে সরকার নিজের ক্ষতি নিজেই করবে।"
ব্যারিস্টার হক বলেন, "সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যে কোনও সিদ্ধান্ত নিু আদালত মানতে বাধ্য।"
তিনি বলেন, "সাংবিধানিক বিভিন্ন দিকগুলো এ মামলায় গুরুত্ব পেয়েছে। ১৬ মার্চ আপিলের যে শুনানি হবে, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।"
শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ১৮ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের আবেদন (লিভ টু আপিল) করে সরকার।
হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি তা খারিজ করে দেয়।
গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
গত ২৪ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন হয়।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
হাসিনাকে গতবছর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমআই/জিএনএ/১৬৫৭ ঘ.
bdnews24