গাজীপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর হোতাপাড়া ফাঁড়ির পুলিশ সোমবার সকালে রাজেন্দ্রপুর এলাকার গজারি বন থেকে এক কিশোর ও দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। সন্ধ্যা পর্যন্ত লাশের কোন পরিচয় বের করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে পুলিশ সুপার মো. আলমগীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয় গজেন্দ্রপুর বিকেবাড়ি সড়কের উত্তর পার্শ্বে এনএজেড গার্মেন্টসের সামনে গাজারি বনে লাশ দেখে লোকজন পুলিশকে খবর দেয়। তিনটি লাশই গলাকাটা ও একত্রে ফেলে রাখা ছিল।
এদের মধ্যে জিন্সের প্যান্ট ও শার্ট পরা ১২/১৩ বছরের এক কিশোর রয়েছে। বাকি দুই জনের গায়ে শার্ট থাকলেও শরীরের নিম্নাংশে কোন কাপড় ছিল না। দুইজনের মধ্যে একজনের বয়স ২২/২৩ ও অপরজনের ২৮/৩০ প্রত্যক্ষদর্শীদের অনুমান।
ঘটনাস্থলে খুব বেশি রক্ত বা জবাইয়ের তেমন আলামত পায়নি পুলিশ।
হোতাপাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, খুব সম্ভবত অন্য কোথাও হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশ তিনটির সঙ্গে তাদের শনাক্ত করার মত কোন কাগজপত্র ছিল না।
দুপুরে পুলিশ লাশ তিনটি উদ্ধারের আগে শত শত লোক সেখানে ভিড় করে। কিন্তু কেউ তাদের শনাক্ত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24