২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর আগারগাঁও সরকারি স্টাফ কোয়াটার থেকে পল্লব সেনগুপ্ত (৪৫) নামে সোহরাওয়ার্দী হাসপাতালের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও সরকারি স্টাফ কোয়াটার থেকে পল্লব সেনগুপ্ত (৪৫) নামে সোহরাওয়ার্দী হাসপাতালের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। সোমবার সকালে উদ্ধার করা লাশের হাত-পা ও মুখ টেপ দিয়ে বাঁধা ছিল। পুলিশের ধারণা, স্ত্রী অঞ্জু রাণী দত্ত হাসপাতালে সেবিকার কাজে যাওয়ার পর কোনো এক সময়ে দুর্বৃত্তরা পল্লবকে খুন করে লাশ শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পল্লবের ১২ বছরের বাক প্রতিবন্ধী একটি ছেলে আছে। সোমবার সকালে বাসার দরজা খোলা পেয়ে পাশের ফ্ল্যাটের এক নারী ভেতরে ঢুকে পল্লবের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর আশপাশের লোকজনদের তিনি বিষয়টি জানান। তেজগাঁও থানার উপ পরিদর্শক দীপক পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টার দিকে পুলিশ জি/১৬/১৩ নম্বর আগারগাঁও সরকারি স্টাফ কোয়াটার থেকে পল্লবের লাশ উদ্ধার করে।" তিনি জানান, পল্লব সেনগুপ্ত সোহরোওয়ার্দী হাসপাতালের সিনিয়র টেকনোলজিস্ট। তার স্ত্রী পঙ্গু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। একমাত্র ছেলে পার্থ সেনগুপ্ত বাক প্রতিবন্ধী। পল্লবের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, স্ত্রী অঞ্জু রাণী দত্ত রোববার রাতে হাসপাতালে দায়িত্বরত ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে যান। সকালে সহকর্মীকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ মুহূর্তে তিনি স্বামীর মৃত্যুর খবর পান। ছেলে পার্থের কাছ পুলিশ তেমন কোনো তথ্য জানতে পারছে না। তবে ইশারায় সে বলেছে, গভীর রাতে কলিং বেল বেজে ওঠার পর বাবা কাউকে দরজা খুলে দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/