২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের জিজ্ঞাসা: শীর্ষ সন্ত্রাসীর তালিকায় কচির নাম কেন

২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আওয়ামী লীগের কাফরুল থানার সাবেক সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান কচির নাম অন্তর্ভুক্ত করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, রোববার তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আওয়ামী লীগের কাফরুল থানার সাবেক সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান কচির নাম অন্তর্ভুক্ত করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, রোববার তা জানতে চেয়েছে হাইকোর্ট। কচির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও শহীদুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ ৮ জনকে আগামী ৮ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনে বলা হয়, ২০০১ সালের ২৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কালা জাহাঙ্গীরসহ ২৩ শীর্ষ সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় কচির নামও রাখা হয়। ২০০৩ সালের ১১ জুন কচিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের ৯টি মামলার মধ্যে ৮টিতে অব্যাহতি পাওয়ার পর সর্বশেষ মামলাটিতেও হাইকোর্টের জামিন পায় কচি। গতবছর ২৯ অক্টোবর জামিনে মুক্তির পরপরই আবার তাকে গ্রেপ্তার করা হয়। জরুরি বিধিমালায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৩ জানুয়ারি ওই অভিযোগ থেকেও হাইকোর্টের জামিন পান কচি। তবে আটকাদেশ থাকায় জামিনে মুক্তি পাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২২১৬ ঘ.