কক্সবাজার, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ভাড়া এবং খাবারের দাম বেশি নেওয়ার অভিযোগে শনিবার রাতে শহরের ২৯টি আবাসিক হোটেল ও রেস্তোঁরাকে এক লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে ইউনি রিসোর্টকে ২০ হাজার টাকা, নিটল বে ২০ হাজার টাকা, মিডিয়া ইন্টারন্যাশনাল ২০ হাজার টাকা, হোটেল ডায়মন্ড প্যালেস পাঁচ হাজার টাকা, ঊর্মি গেষ্ট হাউস পাঁচ হাজার ও তাহের ভবনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
নজরুল ইসলাম জানান, খাবার ঘর অপরিষ্কার, পঁচা ও বাসি খাবার, ফ্রিজে পঁচা মাছ রাখা এবং অতিরিক্ত হোটেল ভাড়া আদায়ের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এদিকে রোববার বিএসটিআই পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত ওজনে কম দেওয়ার অভিযোগে কক্সবাজার সদর উপজেলা বাজার সংলগ্ন হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
সদর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মোতাহের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
তিনি জানান, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত শহরের কাপড়ের দোকান ও স্বর্ণের দোকানেও অভিযান চালায়। এসময় বিভিন্ন কারণে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক কামরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24