রংপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাভাবিক একটি কন্যা সন্তান প্রসব করেছেন রংপুরের গৃহবধু রীনা বেগম (২৮)। শিশুটির দুটি মাথা ও মুখমণ্ডল। শিশুটির দুই মাথায় চারটি চোখ, চারটি কান, দুটি নাক, দুটি মুখ রয়েছে। একটি মাথা নিষ্ক্রিয় থাকলেও অন্যটি সক্রিয় রয়েছে। দুটি মাথা ছাড়া শিশুটির শরীরের অন্য অঙ্গগুলো স্বাভাবিক আছে।
বৃহস্পতিবার রংপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আরোগ্য নিকেতন নামে একটি ক্লিনিকে অস্ত্রোপচার মাধ্যমে শিশুটি ভূমিষ্ট হয়।
রংপুরের বদরগঞ্জ এলাকার দক্ষিণ শিবপুর আউলিয়াগঞ্জ গ্রামের কৃষক সাইফুল ইসলামের স্ত্রী রীনা দুদিন আগে ওই ক্লিনিকে ভর্তি হন। বৃহস্পতিবার ডা. আলফা জাহান তার অস্ত্রোপচার করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য শিশু ও তার মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ জানান, মা ও শিশু দুজনই সুস্থ্য আছে। হরমোনজনিত কারণে এই ধরনের অস্বাভাবিক শিশু জন্ম নেয়।
তিনি জানান, শিশুটি বর্তমানে সহযোগী অধ্যাপক ডা. আফসার আলীর তত্ত্বাবধানে আছে। তার চিকিৎসার বিষয়টি নিয়ে তারা বসবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.
bdnews24