২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও মংলা বন্দরে একটি করে ট্রেড ইউনিয়ন থাকতে পারবে

চট্টগ্রাম ও মংলা বন্দরে একটি করে শ্রমিক সংগঠনকে (ট্রেড ইউনিয়ন) কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয়া হবে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বুধবার জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে 'শ্রম আইন ২০০৬' সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান শ্রম আইনে একটি প্রতিষ্ঠানে তিনটি করে ট্রেড ইউনিয়ন থাকার সুযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম ও মংলা বন্দরে একটি করে শ্রমিক সংগঠনকে (ট্রেড ইউনিয়ন) কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয়া হবে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বুধবার জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে 'শ্রম আইন ২০০৬' সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান শ্রম আইনে একটি প্রতিষ্ঠানে তিনটি করে ট্রেড ইউনিয়ন থাকার সুযোগ রয়েছে। বুধবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে 'ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)' এর বৈঠকে দুটি সমুদ্র বন্দরে ট্রেড ইউনিয়নের সংখ্যা কমিয়ে আনার বিষয়ে মতৈক্য হয়। বৈঠক শেষে আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের জানান, উপদেষ্টা পরিষদের আগামী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এরপর রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সংশোধিত আইনটি কার্যকর করার নির্দেশ দেবেন। উপদেষ্টা বলেন, "চট্টগ্রাম বন্দরে এক সময় শ্রমিক ও ব্যবহারকারীদের ৩২টি সংগঠন ছিল। এর মধ্যে পাঁচটি শ্রমিক ও কর্মচারীদের এবং ২৭টি ব্যবহারকারীদের সংগঠন। এসব সংগঠনের একটি কোনো কর্মসূচি দিলেই বন্দরের কাজ বন্ধ হয়ে যেত। জরুরি অবস্থা জারির পর এ অবস্থার অনেক উন্নতি হয়েছে। তাই সরকার বন্দরের সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে দেশের দুটি সমুদ্র বন্দরে শ্রমিকদের একটি সংগঠন রাখার সিদ্ধান্ত নিয়েছে।" তিনি বলেন, "চট্টগ্রাম ও মংলা বন্দরের মতো দেশের প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে শ্রমিক সংগঠনকে কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার। কিন্তু বর্তমানে শ্রম আইনে প্রতিটি প্রতিষ্ঠানে তিনটি করে ট্রেড ইউনিয়ন থাকার বিধান রয়েছে। এ ব্যাপারে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তবে তারা এ বিষয়ে আরো আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন।" আনোয়ারুল ইকবাল জানান, এ বিষয়ে আরো আলোচনা করে একটি সুপারিশ প্রণয়নের জন্য শ্রম ও কর্মসংস্থান সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (শ্রম) ছাড়াও দ্জুন মালিক ও তিনজন শ্রমিক প্রতিনিধি থাকবেন। কমিটি আগামী সাতদিনের মধ্যে একটি প্রস্তাব দেবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর টিসিসি'র সভা ডাকা হবে। সভার সিদ্ধান্ত পরে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। এই কমিটি শ্রম আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিধি সংযুক্ত করার ব্যাপারেও পরামর্শ দেবে বলে উপদেষ্টা জানান। তিনি বলেন, "বর্তমানে প্রতিটি শ্রমিক সংগঠন কোনো না কোনো রাজনৈতিক দলের অঙ্গ বা সহযোগী সংগঠন। এসব সংগঠন যাতে কোনো দলের লেজুরবৃত্তি করতে না পারে সেজন্যও আইনের ধারা সংশোধন করা হবে। নেতারাও যাতে কোনো দলের সঙ্গে জড়িত থাকতে না পারেন সে ব্যাপারে শ্রম আইনের বিধিতে স্পষ্ট উল্লেখ থাকবে।" সভায় শ্রমিক প্রতিনিধিরা ট্রেড ইউনিয়নগুলোর জন্য জরুরি অবস্থা শিথিল করার প্রস্তাব দিলে উপদেষ্টা তা নাকচ করে দেন। তিনি বলেন, "জরুরি অবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এই মন্ত্রণালয়ের নয়। তবে কোনো সংগঠনের নির্বাচনের প্রয়োজন হলে মন্ত্রণালয় তার ব্যবস্থা করে দেবে।" বৈঠকে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নিবন্ধন ও সনদ গ্রহণ ফি দ্বিগুণ করার বিষয়েও সিদ্ধান্ত হয়। তবে এর পরিমাণ কোনও অবস্থাতেই পাঁচ হাজার টাকার বেশি হবে না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল হক, মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে এমপ্লয়ার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সি কে হায়দার, শ্রমিক পক্ষের প্রতিনিধি কুতুবউদ্দিন আহমেদ, ওয়াজেদুল ইসলাম ও নাজমা আখতারসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, অধিদপ্তর এবং মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০৫২ ঘ.