২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটকল শ্রমিক খলিল হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

খুলনার আলীম জুটমিলের শ্রমিক খলিলুর রহমান হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার আলীম জুটমিলের শ্রমিক খলিলুর রহমান হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. মঈনুল হক এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মো. ডন, মো. ওহিদ, আবুল কালাম খন্দকার, মো. আনোয়ার, মামুন, শরিফুল ইসলাম, রেদোয়ান হোসেন বাহার, খোকন, ইউনুস মোল্লা, শিমুল, সোহেল ও চয়ন। এদের মধ্যে ডন, ওহিদ, আবুল কালাম ও আনোয়ার পলাতক। বাকীরা জেলহাজতে রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু, রানা, জাহিদ ও সেলিম সরদার। ২০০২ সালের ৩১ জানুয়ারি আলীম জুট মিলের সামনে সন্ত্রাসীরা শ্রমিক খলিলুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তার স্ত্রী হালিমা বেগম ১ ফেব্র"য়ারি নগরীর খানজাহান আলী থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা করেন। চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি ক্লিনিকে ওই বছরের ১ এপ্রিল খলিলুর রহমান মারা যান। হত্যা প্রচেষ্টা মামলাটি ওই দিনই হত্যা মামলায় রূপান্তরিত হয়। ২০০২ সালের ২ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। ১৯ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেয়। সিলেট প্রতিনিধি জানান, জাফলংয়ে স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সিলেটের অস্ত্র ও বিস্ফোরক দ্রবাদি সংক্রান্ত আদালতের (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) বিচারক ফেরদৌস আহমেদ এই রায় দেন। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুকা গ্রামের কাঁচা মিয়া (৩৬) তার স্ত্রীকে নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লন্ডনীবাজারের আজমিরী বস্তিতে থাকতেন। তিনি কাজ করতেন জাফলং পাথর কোয়ারিতে। পারিবারিক কলহের জের ধরে কাঁচা মিয়া ২০০২ সালের ১৯ জানুয়ারি স্ত্রী রফিনা খাতুনকে (৩২) জবাই করে হত্যা করেন। পরদিন ২০ জানুয়ারি পূর্ব জাফলং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছাদ মিয়া গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন। ওই দিনই এলাকাবাসী কাঁচা মিয়াকে ধরে থানা পুলিশে সোপর্দ করে। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিদুল ইসলাম কাঁচা মিয়াকে অভিযুক্ত করে ২০০২ সালের ২৮ মার্চ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.