ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানের জেনারেল পদ কেড়ে নেওয়াকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। তার পদোন্নতি বাতিল করে দেওয়া সরকারি আদেশও বাতিল করা হয়েছে।
বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আওয়ালের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার মোস্তাফিজুর রহমানের রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
রায়ে বলা হয়, জেনারেল পদ পাওয়ার দীর্ঘ চার বছর পর কোনও প্রকার নিয়ম-নীতি অনুসরণ না করে মোস্তাফিজুর রহমানের জেনারেল পদ কেড়ে নেওয়া অসৎ উদ্দেশ্য প্রণোদিত, আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ। তাই তার জেনারেল পদ বহাল রাখা হল।
আদালত আরও বলেছেন, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সরকারকে প্রভাবিত করে পদোন্নতি পাওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অনুমোদনক্রমে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। তাই মোস্তাফিজুর রহমানের জেনারেল পদ কেড়ে নেওয়ার সরকারি আদেশ বাতিল করা হলো।
রায়ের প্রতিক্রিয়ায় মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, "ওল্ড সোলজার নেভার ডাই। আমার জেনারেল পদ কেড়ে নিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেনাবাহিনীকে বিতর্কিত করা ঠিক নয়।"
তিনি আরও বলেন, "হাইকোর্টের রায়ে আমাকে জেনারেল পদে পদোন্নতি দেওয়ার যথার্থতা প্রমাণিত হয়েছে। এ রায়ে আমি খুশি।"
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ২০০০ সালের ২৩ ডিসেম্বর মোস্তাফিজুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। এর পরদিন তিনি সেনাবাহিনী প্রধানের পদ থেকে অবসরে যান।
বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর ২০০৪ সালের ১০ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আদেশে মোস্তাফিজুর রহমানের জেনারেল পদে পদোন্নতির আদেশ বাতিল করে।
পদোন্নতি বাতিলের বৈধতা নিয়ে মোস্তাফিজুর রহমান ওই বছরের ৬ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন।
১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর মোস্তাফিজুর রহমান সেনাবাহিনী প্রধান হিসাবে নিয়োগ পান।
রিটের ওপর শুনানিতে মঙ্গলবার আদালতে মোস্তাফিজুর রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাঈমা হায়দার।
রায়ের পর অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা সাংবাদিকদের বলেন, এ রায়ের ফলে মোস্তাফিজুর রহমানের জেনারেল পদ পুনর্বহাল হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৮৩৮ ঘ.
bdnews24