ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরকাতুল জিহাদের অন্যতম শীর্ষ নেতা মুফতি মঈনউদ্দিন শেখ ওরফে আবু জান্দালকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহ্সানুল হক মঙ্গলবার দুপুরে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবীর রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কাছে জান্দালকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখানোসহ তার ১০ দিনের রিমান্ড চান।
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহ্সানুল হক সেদিন জান্দালকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করলেও রিমান্ডের শুনানি গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টায় কড়া নিরাপত্তার মধ্যে জান্দালকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে আনা হয়।
রিমান্ড আবেদনে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তদন্ত কর্মকর্তা মো. ফজলুল কবীর বলেন, হরকাতুল জিহাদ প্রধান মুফতী আব্দুল হান্নান ও অন্যদের জবানবন্দিতে জান্দালকে গ্রেনেড সংগ্রহকারী, হামলার পরিকল্পনাকারী ও আর্জেস গ্রেনেড নিক্ষেপকারী দলের নেতৃত্বদানকারী বলা হয়েছে। ২১ আগস্টে গ্রেনেড হামলা মামলায় এখনও অনেকে পলাতক। তাদের গ্রেপ্তারের জন্য জান্দালকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জান্দালের পক্ষে আদালতে কেউ জামিন আবেদন করেনি। যৌথ জিজ্ঞাসাবাদ সেল তাকে জিজ্ঞাসাবাদ করবে।"
জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানের সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত মুফতি মঈনউদ্দিন শেখ ওরফে আবু জান্দালকে বৃহস্পতিবার গাজীপুরের বানিয়ার চালার মেম্বরবাড়ি জামে মসজিদের মেহমান খানা থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর তার দেওয়া তথ্যে শুক্রবার রাতে সাতক্ষীরা থেকে ৪১টি আর্জেস গ্রেনেড উদ্ধার করে র্যাব।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা সম্পাদিকা আইভি রহমানসহ ২৩ জন নিহত ও বহু আহত হন। ওই সমাবেশে শেখ হাসিনার বক্তব্যের পরপরই হামলা হয়।
হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান এখন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলাসহ বেশ কয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৮৩৯ ঘ.
bdnews24