খুলনা, ফেব্র"য়ারী ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা ও যশোর শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ছয়টি পাটকলের শ্রমিকেরা পাওনার দাবিতে সোমবার মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন। স্টার জুটমিলের শ্রমিক-কর্মচারিরা মিল বাঁচাতে ১১ দফা দাবি জানিয়েছে।
এদিকে বিজেএমসি চেয়ারম্যান আতাহারুল ইসলাম মঙ্গলবার দু'দিনের সফরে খুলনা আসছেন।
বিজেএমসির নিয়ন্ত্রনাধীন স্টার, ক্রিসেন্ট, প্লাটিনাম, জেজেআই, কার্পেটিং ও ইস্টার্ন জুট মিলের প্রায় চার হাজার শ্রমিক শনিবার থেকে দৈনিক মজুরিসহ ছয় দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের দেওয়ার সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা নতুন কর্মসূচি দিয়েছে।
এই কর্মসূচির শেষ দিনে সোমবার স্টার, ক্রিসেন্ট, প্লাটিনাম ও ইস্টার্ন জুট মিলের শ্রমিকেরা ক্রিসেন্ট জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচি পালন করেন। জেজেআই ও কার্পেটিং জুট মিলের দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিকেরা মিল অভ্যন্তরে মানব বন্ধন করেছেন।
স্টার জুট মিলস শ্রমিক কর্মচারিদের মনোনীত এডহক কমিটি ১১ দফা দাবি পূরণের লক্ষ্যে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান গাজী মো. মাসুম।
শ্রমিকেরা মিলটি বাঁচিয়ে রাখার স্বার্থে দুর্নীতিবাজদের উৎখাত করে কাজের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে।
এদিকে বিজেএমসি'র চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম দুইদিনের সফরে মঙ্গলবার খুলনায় আসছেন। তিনি আলীম জুট মিলের শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন।
এছাড়া অন্যান্য মিলের শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাসহ সর্বস্তরের নেতাদের সঙ্গে মিলগুলোর সর্বশেষ পরিস্থিতি নিয় মতবিনিময় করবেন বিজেএমসি চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24