ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাকশন এইড এর আবাসিক প্রতিনিধি (কান্ট্রি ডিরেক্টর) নাসরিন পারভীন হককে হত্যার দায়ে তার গাড়ি চালক মো. জাকির হোসেন বাকীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সোমবার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. আরমান আলীর দেওয়া অভিযোগপত্রে বলা হয়, 'গাড়ি চালক জাকির হোসেন বাকীর অবহেলায় নাসরিন নিহত হয়েছেন। ২০০৬ সালের ২৪ এপ্রিল সকাল পৌনে ১০টায় নাসরিন হক কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মেয়ে জামিলাকে নিয়ে ধানমণ্ডির বাসার নিচে নেমে আসেন। এ সময় চালক জাকির নাসরিনের প্রাইভেট কার পার্কিং এলাকা থেকে বের করে নাসরিনের পায়ে ঠেকিয়ে দেয়। নাসরিন জাকিরকে চিৎকার করে গাড়ি থামাতে বললেও জাকির কথায় কান না দিয়ে আরও জোরে গাড়িটি সামনের দিকে এগিয়ে নেয়। এতে নাসরিন হক স্টিলের দরজার সঙ্গে পিষ্ট হন।'
অভিযোগপত্রে ৩০ জনকে সাক্ষী করা হয়েছে।
২০০৬ সালের ৩ মে জাকিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই বছর ৯ মে নাসরিন হকের স্বামী মো. নূরুল ইসলাম ভুঁইয়া ধানমণ্ডি থানায় মামলা করেন।
পুলিশের সংশ্লিষ্ট জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক অলিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামনের সপ্তাহে মামলাটির নথি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে।"
জাকির বর্তমানে জামিনে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/টিএইচ/এসএনডি/এমএ/১৭৩৮ঘ.
bdnews24