ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে বোমা হামলার দায়ে জেএমবির শুরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহিনসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। তবে খালাস পেয়েছেন বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা।
রোববার দুপুরে ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম মোশতাক আহমেদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত অন্য দুইজন হলেন, দলটির সদস্য আসাদুজ্জামান চৌধুরী পনির ও ইউনূস আলী। এদের মধ্যে ইউনূস আলী পলাতক রয়েছেন।
রায় শুনে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাহউদ্দিন আদালতে বলেন, "অন্যায়ভাবে দেওয়া এই রায় আমি মানি না, আল্লাহর আদালতে আমি আপিল করবো।"
রায় ঘোষণার আগে সালাহউদ্দিন, আসাদুজ্জামান ও ফাহিমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ৬ ডিসেম্বর অভিযুক্তরা ময়মনসিংহ শহরের আকুয়া এলাকায় খোরশেদ মাস্টারের বাসায় নেত্রকোনার উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে বোমা হামলার পরিকল্পনা করেন। ওই পরিকল্পনার দু'দিন পর ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় আত্মঘাতি বোমা হামলাকারী আরিফ ওরফে কাফির মাধ্যমে তারা সেখানে বোমা হামলা চালায়। ওই হামলায় আটজন নিহত ও ৪০ জন আহত হয়।
পরে একইদিন নেত্রকোনা সদর থানায় বিস্ফোরক আইনে এই মামলাটিসহ আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ মামলার অভিযোগপত্রভুক্ত অন্য দুই আসামি আতাউর রহমান সানি ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের বিরুদ্ধে বিচার মুলতবি করা হয়।
ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুল লতিফ তালুকদার জানান, হত্যা মামলাটি ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/১৪৪৩ ঘ.
bdnews24