ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগীয় হাকিমদের জন্য সহায়ক কর্মচারীর ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তা করতে হবে আগামী ২০ ফেব্রয়ারির মধ্যে।
রোববার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেয়। এ বিষয়ের ওপর শুনানি ২০ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করেন আদালত। ওই তারিখে পববর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
৩১ জানুয়ারি সুপ্রিম কোর্ট সদ্য নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয় প্রদানের অগ্রগতি আগামী ১৭ ফেব্র"য়ারির মধ্যে সরকারকে জানাতে বলে।
আদালতের ওই নির্দেশ অনুযায়ী হাকিমদের সহায়ক কর্মচারী ও পরিবহণ দেওয়ার বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগের নথিপত্র আদালতে উপস্থাপন করে শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "সরকার বিচার বিভাগ পৃথককরণের প্রক্রিয়া শেষ করার ব্যাপারে আন্তরিক। সরকার দ্রুত এ কাজ শেষ করতে চায়।"
আদালত বলেন, "সরকার কেন দ্রুত এ বিচার বিভাগ পৃথককরণের প্রক্রিয়া শেষ করছে না ?"
অ্যাটর্নি জেনারেল জবাবে বলেন, কোন কাজ করার জন্য আমলাতন্ত্রের নিজস্ব পদ্ধতি ও পথ রয়েছে। তাদেরও সীমাবদ্ধতা রয়েছে। তবে তারা এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কাজ করছে।
তিনি আরও বলেন, সরকারের নেওয়া পদক্ষেপের নথি কেবল হাতে এসেছে। এখনও দেখতে পারিনি এর মধ্যে কী আছে।
আদালত বলেন, সেক্ষেত্রে বিষয়টি আগামী ২০ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করা হলো। তবে ওই তারিখের মধ্যে সরকারকে হাকিমদের জন্য সহায়ক কর্মচারী যেমন, ড্রাইভার, ইউডি ক্লার্ক ও এমএলএসএসের ব্যবস্থা করতে হবে। এইসব কর্মচারীর অভাবে হাকিমরা তাদের আদালতের কাজ সঠিকভাবে করতে পারছেন না।
অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, আদালতের এই আদেশ আমি সরকারকে জানাবো।
আদালত থেকে বের হয়ে তাৎক্ষনিকভাবে অ্যাটর্নি জেনারেল সেখানে উপস্থিত সরকারের সংস্থাপন, মন্ত্রিপরিষদ ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে আদালতের আদেশ অবহিত করেন।
ব্যারিস্টার ফিদা এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত ২০ ফেব্র"য়ারির মধ্যে সরকারকে ম্যাজিস্ট্রেটদের জন্য সহায়ক কর্মচারীর ব্যবস্থা করতে বলেছে। ওই তারিখ পর্যন্ত এ বিষয়ে শুনানি মুলতবি করা হয়েছে।"
গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সদ্য নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয়ে আইন মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রনালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের গত ২৮ অক্টোবরের জনবল কাঠামো সংক্রান্ত সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল। এসব প্রদানের অগ্রগতি ১৪ জানুয়ারির মধ্যে সরকারকে জানাতে বলা হয়েছিল।
পরে ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট ৩০ জানুয়ারির মধ্যে হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয় প্রদান নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওইদিন থেকে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগ কাজ শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৩২০ ঘ.
bdnews24