মৌলভীবাজার, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার ভোররাতে ট্রেন ও দমকল বাহিনীর গাড়ির সংঘর্ষে তিন দমকল কর্মী নিহত ও চারজন আহত হয়েছেন। এই ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
নিহতরা হলেন, কুলাউড়া দমকল বাহিনীর গাড়ি চালক আজিজুল হক হাওলাদার (৩০), দমকল বাহিনীর দল নেতা (গ্র"প লিডার) আব্দুর রশিদ (৪৫) ও দমকল কর্মী (ফায়ার ম্যান) নির্মলেন্দু প্রসন্ন সিংহ (৩৮)। আহত হন এমদাদুল হক (৩৭), জহির হোসেন (২৬), ওমর আলী (৩০) ও মফিজ উদ্দিন (৩৫)। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া রেল স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার কেফায়েত উল্যাহ জানান, ভোর চারটা পাঁচ মিনিটে কুলাউড়া স্কুল চৌমুহনী লেবেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় রাঙ্গিছড়া বাজারে আগুন নেভাতে যাওয়ার পথে দমকল বাহিনীর গাড়িটিকে সিলেটগামী আন্তঃনগর উপবন ধাক্কা দিলে এটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই তিন দমকল কর্মী নিহত হন।
দুর্ঘটনার পর এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বলেও জানান কেফায়েত উল্যাহ।
দুপুর সোয়া ২টার দিকে কুলাউড়া রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত সহকারী ষ্টেশন মাষ্টার মুহিব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দূর্ঘটনার কারণ তদন্তে বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর সুলতান আহমদকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (সংকেত ) হুমায়ুন কবির, উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (পথ) রুহুল আক্তার খাঁন ও উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (এলএম, কুলাউড়া ) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনে শনিবার সন্ধ্যার পর রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা কুলাউড়া আসছেন।
দূর্ঘটনাস্থল স্কুল চৌমুহনী লেবেল ক্রসিংয়ে গেইটম্যান ছিল না বলে জানিয়েছেন সহকারী ষ্টেশন মাষ্টার মুহিব উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/জিএনএ/১৫৪১ ঘ.
bdnews24