২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার গ্রেনেডের সঙ্গে ২১ আগস্টের গ্রেনেডের মিল আছে: র‌্যাব

সাতক্ষীরায় উদ্ধার করা গ্রেনেডগুলোর সঙ্গে ২১ আগস্টের হামলায় ব্যবহৃত গ্রেনেডের মিল রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ গ্রেনেডগুলো ২১ আগস্টের হামলার পর লুকিয়ে রাখা হয় বলে ধারণা করছে তারা। র‌্যাব বলছে, গ্রেনেড উদ্ধারের এ ঘটনা '২১ আগস্ট মামলা' তদন্তে সহায়তা করবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় উদ্ধার করা গ্রেনেডগুলোর সঙ্গে ২১ আগস্টের হামলায় ব্যবহৃত গ্রেনেডের মিল রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ গ্রেনেডগুলো ২১ আগস্টের হামলার পর লুকিয়ে রাখা হয় বলে ধারণা করছে তারা। র‌্যাব বলছে, গ্রেনেড উদ্ধারের এ ঘটনা '২১ আগস্ট মামলা' তদন্তে সহায়তা করবে। র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার জানিয়েছেন, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানের সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত মুফতি মঈনউদ্দিন শেখ ওরফে আবু জান্দালের দেওয়া তথ্যে শুক্রবার রাতে সাতক্ষীরা থেকে আর্জেস গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, জান্দালকে বৃহস্পতিবার (১৪ ফেব্র"য়ারি) গাজীপুরের বানিয়ার চালার মেম্বরবাড়ি জামে মসজিদের মেহমান খানা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব প্রায় ১ বছর ধরে নানাভাবে চেষ্টা চালিয়ে আসছিল। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা সম্পাদিকা আইভি রহমানসহ ২৩ জন নিহত ও বহু আহত হন। ওই সমাবেশে শেখ হাসিনার বক্তব্যের পরপরই হামলা হয়। শনিবার রাজধানীর উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ খন্দকার জানান, সাতক্ষীরায় শুক্রবার রাতে উদ্ধার করা ৪১টি গ্রেনেডই তাজা। এগুলোর ডিটেনটর খুলে ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। র‌্যাব মহাপরিচালক জানান, উদ্ধার করা ৪১টি গ্রেনেডের সঙ্গে ২০০৪ সালের ২১ আগস্টের আওয়ামী লীগের সমাবেশে হামলায় ব্যবহৃত গ্রেনেডের সাদৃশ্য রয়েছে। এগুলো আরজেস গ্রেনেড। গত বছর ২৯ অক্টোবর ঝিনাইদহ থেকে ১৫টি এবং নরসিংদী থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়। সেগুলোও সর্বশেষ উদ্ধার করা ৪১টি গ্রেনেডের মতো। তিনি বলেন, আবু জান্দালকে গ্রেপ্তার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে জানায়, সাতক্ষীরায় তাদের দলীয় কর্মী নজরুল ইসলাম ঘরামী নামে একজনের কাছে গ্রেনেড রয়েছে। এরপরই র‌্যাবের একটি দল সাতক্ষীরার দেবহাটা থানার শিমুলিয়া গ্রমের নজরুল ইসলামের বাসায় আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব মহাপরিচালক জানান, নজরুল ইসলামকে টানা কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর সে তার বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যায় এবং তার দেখিয়ে দেওয়া মতে মাটি খুঁড়ে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ৪১টি গ্রেনেড উদ্ধার করা হয়। হাসান মাহমুদ খন্দকার বলেন, উদ্ধার করা ৪১টি গ্রেনেড দেখে মনে হচ্ছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর এগুলো লুকিয়ে রাখা হয়। কেননা, কয়েকটি গ্রেনেডের গায়ে সামান্য মরচে পড়েছে। তিনি জানান, গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতেই আবু জান্দালকে খোঁজা হচ্ছিল। তাকে গ্রেপ্তার এবং গ্রেনেড উদ্ধার ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা তদন্তে যথেষ্ট সহায়ক হবে। আবু জান্দালকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিআইডির কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে এই আলোচিত মামলাটি সিআইডি তদন্ত করছে। হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান এখন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলাসহ বেশ কয়টি মামলা রয়েছে। জঙ্গি তৎপরতা দমনে অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব মহাপরিচালক জানান। র‌্যাব কর্মকর্তারা জানান, র‌্যাব দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৬১টি গ্রেনেড উদ্ধার করেছে। এর মধ্যে ২০০৫ সালে মগবাজার থেকে চারটি এবং ঝিনাইদহ থেকে ১৫টি ও নরসিংদী থেকে একটি এবং সর্বশেষ সাতক্ষীরা থেকে ৪১টি উদ্ধার করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাতক্ষীরা প্রতিনিধি শুক্রবার রাতে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ৪৬টি গ্রেনেড উদ্ধারের কথা জানিয়েছিলেন। তবে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, উদ্ধার করা গ্রেনেডের সংখ্যা ৪১। সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার ভারত সীমান্তবর্তী দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের নজরুল ইসলাম ঘরামির বাড়ির পাশের পুকুর পাড়ে পুঁতে রাখা অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসএম/এমআই/১৬২৫ ঘ.