২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর কবিরহাটে তিন বাড়িতে সন্ত্রাসী হামলা: আহত ৩০

নোয়াখালীর কবিরহাটের পশুরামপুর গ্রামে শুক্রবার সকালে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 06:57 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কবিরহাটের পশুরামপুর গ্রামে শুক্রবার সকালে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ফারুক, স্কুল শিক্ষক দুলাল চন্দ্র দত্ত ও স্থানীয়রা জানান, আগের দিনের অপ্রীতিকর ঘটনার জের ধরে শুক্রবার সকালে লেমুয়া, পদুয়া ও ফলহারি গ্রামের দুই শতাধিক যুবক লাঠি-সোঁটা নিয়ে পশুরামপুর গ্রামের চিন্তাহরণ ডাক্তার বাড়ি, মতোরি বাড়ি ও ননী ভট্টের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। শিক্ষক দুলাল দত্ত বলেন, হামলায় কাদের মাস্টার ও বাজার সেক্রেটারি হুমায়ুনের নেতৃত্বে অংশ নেয় সোহাগ, সামছুল হক, জাকের, স্বপন, আবদুর রহিম, জ্যাকসন, মিয়াধন ও চা দোকানদার এনামসহ প্রায় দুই শতাধিক সন্ত্রাসী। আহত বাবলু (১৭), তুলসী রানী (৪০), বিধান (২০), পংকজ (৩৫), শিমুল (১৭), সুমন (২৩), বাসুদেব (৪০), সানুরানী (৩৫), রিনুকে (৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন বাড়ির ২৫টি পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দুলাল দত্ত জানান। ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ফারুক ও শিক্ষক দুলাল দত্ত ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, গত বুধবার পশুরামপুর গ্রামের একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের সময় পাশের গ্রামের কয়েকজন যুবক তাদের উত্যক্ত করলে স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের বচসা হয়। তখন ওই যুবকরা হুমকি দিয়ে চলে যায়। এর পরদিন রাতে লেমুয়া গ্রামের কয়েকজন যুবক চিন্তাহরণ ডাক্তার বাড়িতে ফুল চুরি করতে এসে লোকজন দু'জনকে ধরে ফেলে। তবে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় তারা ছাড়া পায়। এ দু'জন হামলাকারীদের মধ্যে ছিল বলে গ্রামবাসী অভিযোগ করেন। কবির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউসার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কবিরহাট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৪৩ঘ.