২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী দেশকে দরিদ্র দেখতে চায় না: মইন

বাংলাদেশকে আর দরিদ্র দেশ হিসাবে দেখতে চায় না সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "সেনাবাহিনী চায় বাংলাদেশ যেন আর দরিদ্র দেশ হিসেবে পরিচিত না হয়।" শুক্রবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ক্ষুদ্র দুগ্ধ খামার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে আর দরিদ্র দেশ হিসাবে দেখতে চায় না সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "সেনাবাহিনী চায় বাংলাদেশ যেন আর দরিদ্র দেশ হিসেবে পরিচিত না হয়।" শুক্রবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ক্ষুদ্র দুগ্ধ খামার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশ থেকে দারিদ্র্য দূর করতে সেনাবাহিনীর উদ্যোগে 'চার গাভী সমন্বিত ক্ষুদ্র দুগ্ধ খামার প্রকল্প' শুরু করা হয়েছে বলে জানান তিনি। সেনাপ্রধান আশা প্রকাশ করেন, সবাই মিলে কাজ করলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বলেন, "আর মারামারি-কাটাকাটি নয়, এখন সবাই মিলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।" জেনারেল মইন জানান, চাহিদার মাত্র ১৯ ভাগ দুগ্ধজাত পণ্য দেশে উৎপাদিত হয়। বাকিটা আমদানি করতে হয়। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে ভারতের কথা তুলে ধরে তিনি বলেন, কিছুদিন আগেও তারা দুগ্ধজাত পণ্য আমদানি করতো, কিন্তু এখন তারা রপ্তানি করছে। সেনাপ্রধান জানান, ক্ষুদ্র দুগ্ধ খামার প্রকল্পের গোবর থেকে তৈরি বায়োগ্যাস দিয়ে অত্যন্ত ১০টি পরিবারের জ্বালানির ব্যবস্থা করা যাবে। ব্যায়োগ্যাসের মাধ্যমে গুটি সার তৈরির পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। জেনারেল মইন পরে বেগমগঞ্জের আলীপুর যুব সমবায় সমিতির সদস্যদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ ও সমিতির দীঘিতে মাছের পোনা ছাড়েন। কৃষকের কাছে প্রয়োজনীয় সার, বীজ ও কীটনাশক সময়মত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, "কোনও জমি খালি রাখা যাবে না। নতুন বীজ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা নিশ্চয়ই খাদ্য ঘাটতি পূরণ করে বিদেশেও রপ্তানি করতে পারবে।" কুমিল্লা সেনা অঞ্চলের জিওসি মেজর জেনারেল আনোয়ার হোসেন ও নোয়াখালীর জেলা প্রশাসক হাবিবুল কবির চৌধুরী ওই সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/জিএনএ/১৪১২ ঘ.