২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্রের চোরাচালান মামলার অধিকতর তদন্তের নির্দেশ

চট্টগ্রামে সিইউএফএল ঘাটে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরাচালান মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাজনৈতিক প্রভাবের কারণে আগের তদন্তে ব্যাপক ঘাপলা থাকায় রাষ্ট্রপক্ষ মামলার অধিকতর তদন্তের আবেদন জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সিইউএফএল ঘাটে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরাচালান মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাজনৈতিক প্রভাবের কারণে আগের তদন্তে ব্যাপক ঘাপলা থাকায় রাষ্ট্রপক্ষ মামলার অধিকতর তদন্তের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ এই নির্দেশ দেন। মামলাটি সঠিকভাবে তদন্ত করে আগামী ১৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। অধিকতর তদন্তের আবেদন শুনানিকালে মামলার প্রধান অভিযুক্ত হাফিজুর রহমান, দীন মোহাম্মদসহ ৪৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের ব্যাপারে কোন আপত্তি করেননি। কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ঘাটে ২০০৪ সালের ২ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসকালে পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্রের এ বিরাট চালানটি নিয়ে তখন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই ঘটনায় ওই দিনই কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদী হয়ে অস্ত্র মামলায় ৪৩ জনকে এবং চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন। ২০০৬ সালের ১৭ জানুয়ারি থেকে মামলা দুটির বিচার কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চোরাচালানকৃত মালামাল উদ্ধার হলেও এতে শুল্ক বিভাগের কোন কর্মকর্তাকে সাক্ষী করা হয়নি। একইসঙ্গে অস্ত্রগুলো কোন দেশের ও কোন কোম্পানির তৈরি, কোন দেশ থেকে এবং কোন জাহাজে করে চট্টগ্রামে আনা হয়েছিল তার কিছুই তদন্ত প্রতিবেদনে উল্লেখ ছিল না। তিনি আরও বলেন, "দেশে এ ধরনের অস্ত্র ব্যবহার নিষিদ্ধ কিনা সেটি খতিয়ে দেখার জন্য আবেদন করা হয়েছে। এছাড়া, আমাদের দেশের অস্ত্র কারখানায় তৈরি অস্ত্রের সঙ্গে এগুলোর মিল রয়েছে কিনা সেটিও আগের তদন্তে উল্লেখ ছিল না।" আহসানুল হক হেনা বলেন, রাজনৈতিক প্রভাবে এই মামলার আগের তদন্তে বিরাট ঘাপলা রয়ে গিয়েছিল। সে কারণে আগের তদন্ত বাতিল করে সংশ্লিষ্ট সবগুলো বিষয় তুলে আনার জন্য নুতন করে তদন্তের আবেদন করা হয়েছে। তিনি জানান, অস্ত্রের উৎস ও গন্তব্য এবং অত্যাধুনিক এসব অস্ত্র চোরাচালানের সঙ্গে এ দেশের কারা জড়িত সেসব বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য আগের তদন্ত প্রতিবেদনে উল্লেখ না থাকায় বিচারক মামলাটি সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন। ২০০৭ সালের ২০ নভেম্বর এই মামলার অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন জানানো হয়। আদালত সূত্রে জানা গেছে, প্রথমে মামলার বাদী আহাদুর রহমান, পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার একেএম কবির উদ্দিন এবং সবশেষে সহকারী পুলিশ কমিশনার মীর নওশের আলী মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন। ২০০৪ সালের ২৫ আগস্ট মামলা দুটির অভিযোগপত্র দাখিল এবং ২০০৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯১০ ঘ.