ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মোসাদ্দেক আলী ফালু, আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান ও লোটাস কামালসহ আটকাদেশ পাওয়া ৩৭ জনকে বৃহস্পতিবার হাইকোর্টের 'ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ড' এ হাজির করা হয়েছে।
আটকাদেশের মেয়াদ বাড়ানোর ব্যপারে সিদ্ধান্তের জন্য বেলা সোয়া ১টায় হাইকোর্টের বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের বোর্ডে তাদের নেওয়া হয়।
এ বিষয়ে শুনানি হলেও বোর্ডের কার্যক্রম গোপনীয় হওয়ায় আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হয়েছে কিনা- তা জানা যায়নি।
বিকেল সাড়ে ৩টায় ৩৭ জনকে হাইকোর্ট থেকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
দেশে জরুরি অবস্থা ঘোষণার পর বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে প্রথমে তাদের ৩০ দিনের আটকাদেশ দেওয়া হলেও পরে বিভিন্ন সময় এর মেয়াদ বাড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসএনডি/১৮৫৬ ঘ.
bdnews24